হাইকোর্টের রায়ের আলোকে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গতকাল মঙ্গলবার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠকে ২৭তম বিসিএসের প্রথম পরীক্ষায় দুর্নীতি ও অন্যান্য অনিয়মের অভিযোগ পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে গঠিত উপকমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং সুপারিশগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। বিলম্বের কারণ ও এ জন্য দায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়।বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে কমিটির কাছে পেশ করার সুপারিশ করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা নয়, এমন কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স দুই বছর বাড়ানোর এবং পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের আবেদনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আবদুস শহীদ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা, এম এ মান্নান ও জাহানারা বৈঠকে উপস্থিত ছিলেন। চাকরির দাবিতে ২৭তম বিসিএসবঞ্চিতরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। একপর্যায়ে গত বছরের ১৬ ফেব্রুয়ারি বর্তমান সরকারের দুজন মন্ত্রী এসে তাঁদের চাকরি ফেরত দেওয়ার আশ্বাস দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩ এপ্রিল তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়। এরপর আদালত তাঁদের চাকরি দেওয়ার নির্দেশনা দেন।