নতুন নাগরিক হওয়ার ১৪ মাসের মাথায় প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন বিলুপ্ত ছিটমহলের নাগরিকেরা। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউনিয়ন নির্বাচনের (ইউপি) জন্য গত রোববার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ঘোষণার পর আনন্দের বন্যা বইছে বিলুপ্ত ছিটমহল এলাকায়।
তবে ২০১১ সালের মাথা গণনা অনুযায়ী ভোটার তালিকা করায় বিলুপ্ত ছিটমহলের অনেক নাগরিক ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নাগরিক অধিকার সমন্বয় কমিটির নেতারা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী ইউপি নির্বাচনের সময় পঞ্চগড়ের ৪৩টি ইউনিয়নের মধ্যে ৩২টি ইউনিয়নে নির্বাচন হয়। এর মধ্যে বিলুপ্ত ছিটমহলের এলাকায় অবস্থান হওয়ায় ১০টি ও বোদা পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় আটোয়ারীর একটি ইউনিয়নে নির্বাচন হয়নি। এর মধ্যে সদরের হাফিজাবাদ ও হাড়িভাসা, বোদা উপজেলার ময়দানদিঘী, মাড়েয়া, কাজলদিঘী কালিয়াগঞ্জ ও বড়শশী, দেবীগঞ্জের চিলাহাটি ও টেপ্রীগঞ্জ ইউনিয়নে নির্বাচনের জন্য গত রোববার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া দেবীগঞ্জের সদর, দেবীডুবা ও আটোয়ারীর বলরামপুর ইউনিয়নে পরে নির্বাচন হবে।
সদর উপজেলার বিলুপ্ত ছিটমহল গারাতির হুদুপাড়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘প্রথম ভোট দিতে পারব জেনে খুব আনন্দ লাগছে। অনেকে ভোট চাইছে।’ ঝাকুয়াপাড়া গ্রামের রহিমা বেগম বলেন, ‘কোনো দিন ভোট দিতে পারিনি। এবার জীবনের প্রথম ভোট দিতে পারব।’
নাগরিক অধিকার সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমান বলেন, ‘আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল ছিটমহলের স্বাধীনতা। ছিটমহল বিনিময়ের পর প্রথম নির্বাচনে ভোটাধিকার না পাওয়ায় অনেক নাগরিক ভোট দিতে পারবেন না। ২০১১ সালের হেড কাউন্টিং বা মাথা গণনার সময় বাড়িতে না থাকায় অনেক ছিটমহলবাসী তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেই সঙ্গে ২০১১ সালের পর ছিটমহলের বাইরে থেকে বিয়ে করে আনা নারীরাও ভোটার হওয়ার সুযোগ পাননি। এরপরও এলাকায় আনন্দ বিরাজ করছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান বলেন, ‘বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০টি ইউনিয়নে ভোট স্থগিত করা হয়। সীমানা জটিলতায় একটিতে ভোট হয়নি। এখন তিনটিতে সীমানা জটিলতায় ভোট স্থগিত রাখা হয়েছে। আটটিতে ভোট গ্রহণে কমিশন প্রস্তুতি নিয়েছে।’