
নেত্রকোনায় চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রথম বছর এ পুরস্কার পাচ্ছেন খ্যাতিমান লোকসাহিত্য গবেষক আশরাফ সিদ্দিকী। নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদের পক্ষ থেকে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে।

বাংলা বিভাগের প্রধান ও ফোকলোর পর্ষদের সভাপতি আফজালুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে পর্ষদের কর্মপরিষদের সভা হয়। এতে গবেষক আশরাফ সিদ্দিকীকে ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার ১৪২৩’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী পৌষ মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ পুরস্কারের অর্থমূল্য থাকবে ২৫ হাজার টাকা। সঙ্গে থাকবে একটি সম্মাননা স্মারক ও স্মারক প্রকাশনা।
আফজালুর রহমান আরও বলেন, ‘নেত্রকোনা অঞ্চলের লোকসাহিত্য-সংস্কৃতি চর্চার ক্ষেত্রটির পরিচর্যা করতেই ফোকলোর পর্ষদ গঠন করা হয়েছে। জগৎখ্যাত ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এ জনপদেরই গর্বিত সন্তান। জীবদ্দশায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও লোকসংস্কৃতি সংগ্রহ ও সাহিত্য সাধনা করে তিনি আমাদের অফুরান ঋণী করে গেছেন। তাঁকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।’