প্রথমবার শিক্ষানবিশ দুই নারী পাইলটের উড্ডয়ন সম্পন্ন

নাজিয়া নুসরাত হোসেন ও শাহরিনা বিনতে আনোয়ার
নাজিয়া নুসরাত হোসেন ও শাহরিনা বিনতে আনোয়ার

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো দুজন শিক্ষানবিশ নারী পাইলট গতকাল বুধবার ঢাকার তেজগাঁওয়ের আর্মি অ্যাভিয়েশন গ্রুপে সফলভাবে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেছেন। ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার সেসনা ১৫২ অ্যারোপেক প্রশিক্ষণ বিমানে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেন। আইএসপিআর।
ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ২০০৯ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। সেখানকার আবশ্যক কোর্স শেষে তিনি ২০১৪ সালের ১৬ নভেম্বর আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯-এ যোগদান করেন। তিনি গত ১৮ জুন তাঁর উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন।
ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার ২০০৯ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে কমিশন লাভ করেন। সেখানকার আবশ্যক কোর্স শেষে তিনিও একই দিন আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯-এ যোগদান করেন। তিনি গত ৩০ জুন প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন।
আর্মি অ্যাভিয়েশন বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিপুলসংখ্যক সেনা পাইলটকে প্রশিক্ষিত করেছে এই প্রতিষ্ঠান। এত দিন প্রতিষ্ঠানটিতে কেবল পুরুষ পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হতো। ২০১৪ সালের ১৬ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ওই দুজন নারী পাইলটের প্রশিক্ষণ দেওয়া শুরু করে।