প্রথমবারই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাশন ফলটি আমাদের দেশে এখনো পরিচিত নয়। গুণমান সম্পর্কেও সবাই তেমন কিছু জানে না। সে কারণে এর বাজারদর আসলে কেমন হতে পারে, তা ঠিক করতে পারছেন না গাইবান্ধার সুজাউদ্দৌলা। তিনি প্রথম চেষ্টাতেই প্যাশন ফলের চাষে সফল হয়েছেন। প্রচুর ফল ধরেছে তাঁর গাছে। লোকজন কৌতূহলী হয়ে সুজাউদ্দৌলার বাড়িতে আসছে এই নতুন ধরনের ফল দেখতে।সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাট-ভরতখালি গ্রামে সুজাউদ্দৌলার বাড়ি। বাড়ির আঙিনায় লাগানো লতাজাতীয় গাছটিতে প্রচুর ফল ধরেছে। ফলটির বীজ তিনি সংগ্রহ করেছেন তাঁর এক আত্মীয়ের কাছ থেকে। বছর দুই আগে সেনাবাহিনীতে কর্মরত ওই আত্মীয় জাতিসংঘ শান্তি মিশনে কাজ করতে গিয়েছিলেন আইভরি কোস্টে। সেখান থেকে তিনি এনেছিলেন প্যাশন ফল। তাঁর কাছ থেকে বীজ নিয়ে সফলভাবে চারা করেছিলেন সুজাউদ্দৌলা। কোনো রাসায়নিক সার ছাড়াই স্বাভাবিকভাবে চারা বেড়ে ওঠে। রোপণের এক বছর পরই গাছে ফল আসে। এ বছর শত শত ফলে গাছটি ভরে উঠেছে। সবুজ রঙের, অনেকটা লেবুর মতো ফল। এর রস দিয়ে চমৎকার শরবত তৈরি করা যায়। স্বাদ অনেকটা ট্যাং দিয়ে তৈরি শরবতের মতো।সুজাউদ্দৌলা তাঁর অভিজ্ঞতা থেকে প্রথম আলোকে বললেন, এই গাছের পরিচর্যা খুব সহজ। কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। বাংলাদেশের মাটিতে এটি সহজেই চাষ করা যায়। পরিত্যক্ত জায়গা কিংবা বাড়ির আনাচ-কানাচে সহজেই বাণিজ্যিকভাবে এই ফল উৎপাদন সম্ভব। এ জন্য প্রচার ও সরকারি সহায়তা দরকার। তিনি এখন নিজ উদ্যোগে প্যাশন ফল চাষের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করছেন।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কোরবান আলী বলেন, ‘সুজাউদ্দৌলার প্যাশন ফল চাষে সাফল্যের কথা শুনেছি। দেশে এর পরিচিতি নেই। তাই এর বাজারমূল্যও নির্ধারিত হয়নি।’ সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যেহেতু অতি সহজেই দেশের মাটিতে এই ফল উৎপাদিত হয়েছে, তাই সরকারি সহায়তায় প্যাশন ফল চাষ বাণিজ্যিকভাবে সফল হতে পারে।গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জীবন কুমার সাহা বলেন, ধারণা করা হয়, ব্রাজিলের আমাজান এলাকায় এর আদিনিবাস। ১৮৮০ সালে অস্ট্রেলিয়া থেকে বীজ এনে হাওয়াই দ্বীপে রোপণ করা হয়, যা পরবর্তী সময়ে হাওয়াইয়ের প্রতিটি বাড়িতে এর চাষ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ইন্দোনেশিয়া, পেরু, মেক্সিকো ও অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকত এলাকায় প্যাশন ফলের চাষ হয়।অনেক দেশেই সকালের নাশতার সময় এই ফলের জুস পান করা হয়। প্যাশন ফল দিয়ে জুস, কেক, আইসক্রিম, জ্যাম, জেলি, বাটার প্রভৃতি তৈরি হয়। প্যাশন ফলে রয়েছে কার্বোহাইড্রেড, সুগার, ফাইবার, প্রোটিন, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিংক। এসব উপাদান শরীরের জন্য বিশেষ উপকারী।