প্রথমবারেই চমক!
বিদ্যালয়ের নাম হরিনাথপুর এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়। ২০১১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শিক্ষার্থীরা এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আর প্রথমবারেই দারুণ চমক সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এবারের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ ২১ জন জিপিএ-৫ পেয়েছে। জেলার শীর্ষ ১০ স্কুলের তালিকায় এ প্রতিষ্ঠানটির অবস্থান অষ্টম।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ২০১১ সালে বেড়া উপজেলার নগরবাড়ীতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি ব্যতিক্রম ধারায় শিক্ষার্থীদের পড়াশোনা করাতে থাকে। এ বিদ্যালয় থেকে তিন বছর ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশ নিলেও এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এবারই প্রথম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সকাল সাড়ে নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত পরীক্ষার্থীদের বিদ্যালয়ে পড়াশোনা করা বাধ্যতামূলক করা হয়। এই সময়ের মধ্যে বিদ্যালয়ের শিক্ষকেরা পালা করে পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয় বুঝিয়ে দিয়েছেন। এ ছাড়া প্রতিদিন দুটি করে বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এভাবে প্রায় চার মাস ধরে স্কুলেই বিশেষ ব্যবস্থায় পড়ানো হয় পরীক্ষার্থীদের। আর এভাবেই ভালো ফল করা সম্ভব হয়েছে।
প্রধান শিক্ষক আরও জানান, ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। এ গ্রেড ৩০ জন, এ মাইনাস পাঁচজন ও দুজন বি গ্রেড পেয়েছে। পাসের হার শতভাগ। তিনি জানান, বিভিন্ন শ্রেণির স্কুলের পড়া স্কুলেই পড়িয়ে দেওয়া হয়। কোনো শিক্ষার্থীরই প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না।
বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদৎ হোসেন বলেন, ‘হরিনাথপুর এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়টি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’