প্রথমবারেই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় বাণিজ্যিকভাবে প্রথমবার স্ট্রবেরি চাষ করে অনেক কৃষক লাভবান হয়েছেন। এতে এই রসাল ফল চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। উত্পাদিত স্ট্রবেরির গুণগত মান জাপানে উত্পাদিত স্ট্রবেরির সমমানের বলে বিশেষজ্ঞরা মনে করছেন।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার দুটি গ্রামে স্ট্রবেরির চাষ হয়েছে। এর মধ্যে গাইবান্ধা শহরের স্কুল লেনের বাসিন্দা প্রতাপ ঘোষ, মাস্টারপাড়ার বাসিন্দা বিজন দেব, তাপস সরকার ও শনি মন্দির রোডের বাসিন্দা শংকর সাহা যৌথভাবে স্ট্রবেরি চাষের উদ্যোগ নেন। তাঁরা গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামে আট বিঘা জমিতে বারি-৩ জাতের স্ট্রবেরি চাষ করেন।প্রতাপ ঘোষ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুরুল ইসলামের পরামর্শে গত বছরের ১ ডিসেম্বর আট বিঘা জমিতে ৩৬ হাজার স্ট্রবেরির চারা রোপণ করা হয়। এতে খরচ হয় ১২ লাখ টাকা। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ফল বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ১৫০ কেজি স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। প্রতিকেজি স্ট্রবেরি প্রথমে এক হাজার টাকায় বিক্রি হয়েছে। এখন প্রতিকেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘অন্যান্য ফসলের তুলনায় স্ট্রবেরি চাষ খুবই লাভজনক। উল্লিখিত জমিতে পাঁচ টন স্ট্রবেরি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে দুই টন বিক্রি করে উত্পাদন খরচ সমন্বয় করা হয়েছে। জমিতে আরও ১০ লাখ টাকার ফল রয়েছে।’ শংকর সাহা জানান, স্ট্রবেরি বাগানে কোনো কীটনাশক সার ব্যবহার না করে আশানুরূপ ফলন হয়েছে। প্রতিটি ফলের ওজন ১০ থেকে ১৫ গ্রাম। জমিতেই প্যাকেটজাত করে পাইকারের কাছে বিক্রি হচ্ছে। সুন্দরগঞ্জের দেওডোবা গ্রামের আদর্শ কৃষক আবদুর রাজ্জাক (৪৫) পাঁচ শতক জমিতে স্ট্রবেরির চারা রোপণ করেন। তিনি রংপুর থেকে চারা জোগাড় করে নিজ উদ্যোগে স্ট্রবেরির চাষ করেন। রাজ্জাক বলেন, ‘স্ট্রবেরি চাষ খুবই লাভজনক। ইতিমধ্যে বেশ কিছু টাকার স্ট্রবেরি বিক্রি করেছি।’জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, জেলা পরিষদের উদ্যোগে স্ট্রবেরির চারা উত্পাদন করা হচ্ছে।’ গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোজাফ্ফর আহমেদ বলেন, শীতকালে স্ট্রবেরির চাষ হয়। গাছ দেখতে অনেকটা আলুগাছের মতো। স্ট্রবেরি বাগানের চারপাশে বেড়া ও পাখির হাত থেকে রক্ষার জন্য জাল দিয়ে ঢেকে দিতে হয়।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অসীম কুমার পাল বলেন, এখানকার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রথমবারই কৃষকেরা শতভাগ ফলন পেয়েছেন।