জনপ্রশাসনের উদ্ভাবনী কাজকে স্বীকৃতি দেওয়া, উৎসাহিত করা ও জাতিসংঘের ‘পাবলিক সার্ভিস’ দিবস উদ্যাপন বিবেচনায় নিয়ে দেশে প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছে জনপ্রশাসন পদক। এবার জাতীয় পর্যায়ে ১১ কর্মকর্তা ও দুটি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১৫ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান এই পদক পাচ্ছে।
কাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের এই পদক বিতরণ করবেন। জেলা পর্যায়ের পদকগুলো সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হবে। এখন থেকে প্রতিবছর এই পদক দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, জাতীয় ও জেলা—এই দুই পর্যায়েই সাধারণ ও কারিগরি এই দুটি ক্ষেত্রে ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক—এই তিনটি শ্রেণিতে পদক দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, সারা পৃথিবীতেই এখন জনপ্রশাসন সম্পর্কে ধ্রুপদি ধারণায় পরিবর্তন এসেছে। জনপ্রশাসন এখন উন্নয়ন প্রশাসন হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস ও সংস্কারের পাশাপাশি জনপ্রশাসনের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার গুরুত্ব বেড়েছে। সে জন্য এগুলোকে স্বীকৃতি দেওয়া ও উৎসাহিত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই এই পদক প্রবর্তন করা হয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ উদ্ভাবনী সংস্কৃতির জগতে প্রবেশ করেছে। একে আরও এগিয়ে নিতে হবে।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সারা দেশ থেকে পদক দেওয়ার জন্য বিবেচনাযোগ্য ১২৯টি প্রস্তাব এসেছিল। সেগুলো মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন ১৫ সদস্যের জাতীয় কমিটি পদকের জন্য চূড়ান্ত মনোনয়ন দেয়। পদকের জন্য বিবেচনাযোগ্য আরও অনেক উদ্ভাবনী কাজের কথা অনেকের জানা আছে। সেগুলো সব এবারের প্রস্তাবে আসেনি। হয়তো পরে আসবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জিয়াউল আলম, প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।