চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো ভর্তির সুযোগ পাচ্ছে স্থানীয় শিক্ষার্থীরা।
১৯৮৫ সালে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালে সিইউএফএল স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়। কিন্তু ওই কারখানার কর্মীদের সন্তান ছাড়া অন্য কোনো শিক্ষার্থীর সেখানে পড়ার সুযোগ ছিল না। গতকাল বুধবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। ওই পরীক্ষায় স্থানীয় শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ বলেন, কারখানার সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন ব্যক্তিদের সন্তানেরাও এবার ভর্তির সুযোগ পাচ্ছে।
সিইউএফএল সূত্র জানায়, শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭৮ জন ছাত্রী ও ১৭১ জন ছাত্রের শূন্য আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৮০ জন। ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। অবশিষ্ট আসন পূরণের জন্য আবারও বিজ্ঞপ্তি দেবে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা এম এ কাইয়ুম শাহ বলেন, এলাকার শিক্ষার্থীরা ভালো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাওয়ায় তাঁরা খুশি।
সিইউএফএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সহসভাপতি মো. সেলিম রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনার মান ভালো। তাই এই প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করার জন্য স্থানীয় অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি পূরণ হওয়ায় ভালো লাগছে।