প্রথমবারের মতো কুড়িগ্রাম প্রথম আলো চরে বৈশাখী মেলা
প্রথমবারের মতো কুড়িগ্রাম প্রথম আলো চরে দুই দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম আলো চর বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করবেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ। প্রধান অতিথি হিসেবে ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া উপস্থিত থাকার কথা রয়েছে।
আগামীকাল শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, আবদুস সোবান ব্যাপারী, আবুল ফজলার রহমান ও প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান।
মেলা উপলক্ষে রংবেরঙের কাগজ দিয়ে বিদ্যালয়ের সড়ক ও মাঠ সাজানো হয়েছে। প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, মেলায় গ্রামীণ হাডুডু, দাঁড়িয়াবান্ধা, লাঠিখেলা, কলাগাছ বেয়ে ওঠা, হাঁড়িভাঙাসহ নানা খেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুই দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় শিল্পীরা ভাওয়াইয়া, গীত, কুশান, জারিসহ বিভিন্ন গান পরিবেশন করবেন। প্রথম আলো চরবাসী, বন্ধুসভা, চর উন্নয়ন ও নদীভাঙন প্রতিরোধ কমিটি মিলিতভাবে এ মেলার আয়োজন করেছে।
চরের বাসিন্দা সহিদুল ইসলাম বলেন, ‘খালি শুনি পয়লা বৈশাখে এটা হয়, সেটা হয়। মহাজন হালখাতা করে। চরের মানুষ হামরা। কোনো দিন এগলা দেখি নাই। এবার আনন্দ করমো।’
ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘চরাঞ্চলে বৈশাখী মেলা আমার জানামতে এর আগে কখনো হয়নি। চরের মানুষ ভীষণ খুশি।