প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নিলেন দৃষ্টিপ্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ইতিহাসে এবারই প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন। গতকাল শুক্রবার জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষায় অংশ নেন। এ ছাড়া ১৫ জন শারীরিক প্রতিবন্ধীও এ পরীক্ষায় অংশ নিয়েছেন।দৃষ্টিপ্রতিবন্ধীদের এই পরীক্ষায় অংশ নিতে সহযোগিতা করেছে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ অর্গানাইজেশন ফর ডিজ্যাবেল অ্যাডভান্সমেন্ট (বোডা)। এবি ব্যাংকের সহায়তায় এ প্রতিষ্ঠানটি ১০ জন প্রশিক্ষণার্থীকে ছয় মাস করে প্রশিক্ষণ দিয়েছে। গতকালের পরীক্ষায় তাঁরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে পরীক্ষা দেন।বোডার দেওয়া তথ্য মতে, এবার ১০ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন মেয়ে, বাকি দুজন ছেলে। তাঁরা দুজনই স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ। মেয়েরা স্নাতকে পড়াশোনা করছেন।দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থী জিয়াউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে এমএ পাস করেছেন। তিনি বলেন, পাস করার পর অনেক প্রতিষ্ঠানে চাকরির জন্য গেলেও কেউ চাকরি দিতে চায়নি। আশা করছেন, এবার কম্পিউটারে সরকারি সনদ পাওয়ার পর হয়তো চাকরি পাওয়াটা সহজ হবে।কারিগরি বোর্ড সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর দৃষ্টিপ্রতিবন্ধীসহ প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সভা হয়। তাতে প্রতিবন্ধীদের (যাঁরা কাগজে লিখতে অক্ষম) আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকার সিদ্ধান্ত হয়। পরীক্ষাকক্ষে পরিদর্শক প্রশ্ন পড়ে শোনাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীরা সফটওয়্যারের মাধ্যমে উত্তর লিখবেন। পরে উত্তরপত্র প্রিন্ট করে পরিদর্শক সই করে বোর্ডে পাঠিয়ে দেবেন। এ নিয়ম মেনেই দৃষ্টিপ্রতিবন্ধীরা পরীক্ষায় অংশ নেন। মিরপুরে বোডার প্রধান কার্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন বোডার আইটি ইনচার্জ মো. লুত্ফুল আলম এবং প্রশিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী আশিকুর রহমান।লুত্ফুল আলম প্রথম আলোকে বলেন, এর আগেও বোডা থেকে ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়ার কোনো নিয়ম না থাকায় তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি। এবার বোর্ডের সহায়তায় নিয়মকানুন তৈরি করার ফলে তাঁদের জন্য সরকারি চাকরি পাওয়ার রাস্তা অনেকটাই সুগম হলো। তিনি জানান, দৃষ্টিপ্রতিবন্ধীরা কম্পিউটারের মনিটরের সাহায্য ছাড়া স্ক্রিন রিডিং সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার ব্যবহার করেন। প্রশিক্ষণের সময় তাঁদের ইন্টারনেটসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধীরা সব সময়ই অবহেলিত। অনেকেরই ধারণা ছিল, তাঁরা চোখে দেখেন না। এ কারণে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না। অথচ সুযোগ দিলে প্রতিবন্ধীরা অনায়াসেই পরীক্ষায় অংশ নিতে পারেন—এবার তা-ই সত্য হলো। এম এ কাশেম জানান, সারা দেশ থেকে ১৮ হাজার পরীক্ষার্থী ৯২টি কেন্দ্রে ৩২টি কোর্সে পরীক্ষা দেন। এর মধ্যে প্রতিবন্ধী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ জন। অষ্টম শ্রেণী পাস থেকে স্নাতকোত্তর (এমএ পাস) যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারেন।