দেশে প্রতিবন্ধীদের সংখ্যা কত, তা সরকারের জানা নেই। এ কারণে সরকার প্রথমবারের মতো প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবছরে এ খাতের বাজেটে পাঁচ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়নে মূল দায়িত্ব পালন করবে। মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, জরিপ-কার্যক্রম শুরু হয়নি। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে সভা হয়েছে। শিগগিরই আরেকটি সভা ডেকে বিষয়টি চূড়ান্ত করা হবে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে জরিপ বিষয়ে পাইলট কর্মসূচি বাস্তবায়িত হবে। পাইলট পর্যায়ে সাতটি বিভাগের সাতটি উপজেলা এবং পার্বত্য অঞ্চলের একটি উপজেলায় জরিপ করা হবে। প্রতিবন্ধী তথ্য সংরক্ষণের সফটওয়্যার প্রস্তুত, তথ্য সংগ্রহ এবং জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন, পরিচয়পত্র প্রস্তুতসহ এই কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ টাকা। তবে চলতি অর্থবছরে কার্যক্রম বাস্তবায়নে পাঁচ কোটি ৭৩ লাখ টাকা খরচ হতে পারে।প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ধারণাপত্রে বলা হয়েছে, সরকার অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা কার্যক্রম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। এসব কর্মসূচিতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিবন্ধীদের সংখ্যা সম্পর্কে এ পর্যন্ত কোনো জরিপ করা হয়নি।২০০১ সালের বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইনে প্রত্যেক প্রতিবন্ধী নাগরিকের নিবন্ধন, সনদ ও পরিচয়পত্র দেওয়ার কথা ছিল। তবে তা কার্যকর হয়নি। সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধীদের সনদ দেওয়া হলেও এ পর্যন্ত কতজন প্রতিবন্ধী এ সনদ পেয়েছে, তার পরিসংখ্যান নেই অধিদপ্তরের কাছে। এ ছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প পরিসরে প্রতিবন্ধিতা শনাক্তকরণ হলেও তা তেমন কার্যকর হচ্ছে না।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নুরুল কবীর প্রথম আলোকে বলেন, এ জরিপ-কার্যক্রমের মাধ্যমে দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার বা ব্যক্তির সংখ্যা নির্ধারণ, দেশে দৃশ্যমান ও অদৃশ্যমান সব প্রতিবন্ধিতা শনাক্তকরণ, সব প্রতিবন্ধীকে নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়া সম্ভব হবে।জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজেটের আগে ফোরামের পক্ষ থেকে প্রতিবন্ধীদের শনাক্তকরণের জন্য একটি প্রকল্প হাতে নিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেওয়া হয়। এ কর্মসূচিতে বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও সম্পৃক্ত থাকবেন।জানা গেছে, এ কর্মসূচি বাস্তবায়নে অর্থ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরো, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, স্কুলশিক্ষকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে।সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ বাস্তবায়নে নীতিমালা তৈরি হলেই উপজেলা নির্বাচন, বেসরকারি সংস্থা নির্ধারণসহ মাঠপর্যায়ের কাজ শুরু হবে।