প্রথমবারের মতো প্রশিক্ষণ পেলেন বিদেশি কূটনীতিকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালা শেষে কূটনীতিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ছবি: প্রথম আলো
কর্মশালা শেষে কূটনীতিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ওপর প্রতিবেশী দেশগুলোর নবীন কূটনীতিকদের জন্য আয়োজিত সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার ঢাকায় শেষ হয়েছে। এই প্রথমবারের মতো ফরেন সার্ভিস একাডেমি বিদেশি নবীন কূটনীতিকদের জন্য বিশেষায়িত এই প্রশিক্ষণের আয়োজন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ১৭ আগস্ট থেকে ফরেন সার্ভিস একাডেমিতে ১২ দিনের এ কর্মশালার আয়োজন করে। ফরেন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক অংশগ্রহণকারী কূটনীতিকদের মধ্যে সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে কর্মশালায় প্রশিক্ষণদানকারী বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কর্মশালায় আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও বাংলাদেশের মোট ১৫ জন নবীন কূটনীতিক অংশ নেন। কর্মশালায় আন্তর্জাতিক বিষয়াবলি সংশ্লিষ্ট কূটনীতি ও পররাষ্ট্রনীতি ছাড়াও মানবাধিকার, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং উপমহাদেশের ইতিহাস ও সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহ্য ও উন্নয়ন অগ্রাধিকার বিষয়ের ওপর বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারীদের চিত্র প্রদর্শনী, জাদুঘর, চেম্বার অব কমার্স, রপ্তানিমুখী উত্পাদন কারখানা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানগুলো ঘুরিয়ে দেখানো হয়।
ফরেন সার্ভিস একাডেমি বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারের কর্মকর্তাদের বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ দিয়ে থাকে।