প্রথমবারের মতো আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৭ থেকে ২৪ জুলাই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের চার প্রতিযোগী, দুজন দলনেতা ও জুরি অংশ নেবে।
এ উপলক্ষে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড। সংবাদ সম্মেলনে অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রতিযোগী নির্বাচনের পদ্ধতি তুলে ধরা হয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া চার প্রতিযোগীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া। তাতে বলা হয়, আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড হলো জীববিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক আসর। এতে ৬০টির বেশি দেশ প্রতিবছর অংশ নেয়।
মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, বাইরের দেশের প্রতিযোগীরা সরকারি পৃষ্ঠপোষকতায় অলিম্পিয়াডে অংশ নেয়। কিন্তু বাংলাদেশে সে রকম ব্যবস্থা নেই। বেসরকারি পৃষ্ঠপোষকদের পাশাপাশি সরকারেরও উদ্যোগী হয়ে এগিয়ে আসা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য দল বাছাই করার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল জাতীয় জীববিজ্ঞান উৎসবের। জাতীয় উৎসবে বিজয়ীদের নিয়ে জীববিজ্ঞান-বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ ও চূড়ান্ত বাছাইয়ের জন্য অনুষ্ঠিত হয় জাতীয় বায়োক্যাম্প।
আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের আইমান ওয়াদুদ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ওয়াসিক হাসান, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মাইশা মুনাওয়ারা এবং স্কলাস্টিকার ওয়াসি রহমান চৌধুরী। এ বছর বাংলাদেশ দলের দলনেতা ও জুরি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাখহরি সরকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. সামিউল আলম। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ দলের স্পনসর প্রাইম ব্যাংক, সোয়েটার মেকার্স ও ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড।