প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় নির্মাণাধীন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে উপজেলাবাসী গতকাল রোববার বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।বিজয় দিবসের প্রথম প্রহরে দেখা গেছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন বলেন, শেরপুরে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি ছিল দীর্ঘদিনের। বিজয়ের ৪০ বছর পর তা পূর্ণ হলো। চিকিৎসক আখতারুল আলম দাবি করেন, সচেতনতার অভাবেই এত দিন উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়নি।কলেজছাত্র আবু বক্কর সিদ্দিকী বলেন, বিগত বছরগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেতে হতো শেরপুর পৌর শহীদ মিনারে। উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের তাৎপর্য রয়েছে। একই কথা বললেন কৃষক নেতা আইয়ুব খান।উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ওবায়দুল ইসলাম বলেন, প্রায় ছয় মাস আগে তাঁর দপ্তরের তত্ত্বাবধানে শহীদ মিনারের নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে নির্মাণকাজের শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, এই শহীদ মিনার তৈরিতে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় হবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন কেন্দ্রীয় শহীদ মিনার তৈরিতে সহযোগিতা করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয় লোকজনের দাবির প্রতি শ্রদ্ধা জানাতেই শহীদ মিনার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত সময়ে এমন উদ্যোগ নিলে বহু আগেই শহীদ মিনার তৈরি করা সম্ভব হতো।