প্রথমবারের মতো শুনানি করেছে তথ্য কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মানসী চাকমা তাঁর ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) টাকা পাচ্ছিলেন না। তিনি প্রতিষ্ঠানটির কাছে এ বিষয়ে তথ্য জানার জন্য আবেদন করেন। কিন্তু প্রশিকা তাঁকে তথ্য দেয়নি। মানসী তথ্য কমিশনের কাছে তথ্য অধিকার আইনের আওতায় এ নিয়ে অভিযোগ করেন। কমিশন প্রশিকার বিরুদ্ধে সমন জারি করলে মানসী চাকমা তাঁর প্রাপ্য টাকা হাতে পান।তথ্য কমিশন গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো অভিযোগের শুনানি করে বিভিন্ন বিষয়ে নিষ্পত্তি করে। কমিশনের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষটিকে এ জন্য আদালতের আদলে সাজানো হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে অভিযোগের পক্ষ-বিপক্ষ, গণমাধ্যমকর্মী এবং আগ্রহীরা উপস্থিত ছিলেন।প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের এবং সাদেকা হালিম এ আদালতে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করেন।প্রথমবারের মতো অভিযোগের শুনানি প্রসঙ্গে মোহাম্মদ জমির প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত পাওয়া অভিযোগগুলোর বেশির ভাগই মৌলিক অধিকার বা এ ধরনের বিষয়ে। এর মধ্যে আছে বয়স্কভাতার তালিকা, স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনা মূল্যে ও স্বল্পমূল্যে ওষুধ পাওয়ার নিয়ম, খুলনার চিংড়িশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরিসংক্রান্ত তথ্য জানতে ব্যর্থ হয়ে করা অভিযোগ। আবেদনের পরিপ্রেক্ষিতে যে তথ্য দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট না হয়েও একজন অভিযোগ করেছেন। ‘চিত্রটি খুবই আশাব্যঞ্জক’ মন্তব্য প্রধান তথ্য কমিশনারের।প্রথম দিনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তথ্য কমিশনার সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, বেদে সম্প্রদায়সহ প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে অভিযোগ এসেছে। শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অভিযোগ দায়েরকারী উভয়ের উপস্থিত হওয়ার কথা। তবে একটি অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না এসে অন্যজনকে পাঠিয়েছেন। আবার একজন অভিযোগকারীই লিখিতভাবে জানিয়েছেন, তিনি শুনানিতে উপস্থিত হতে পারবেন না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদলি হওয়ায় নতুন কর্মকর্তা শুনানিতে এলেও তাঁর বিষয়টি সেভাবে না জানাসহ বিভিন্ন কারণে কিছু অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হয়নি। সাদেকা হালিম জানান, এ ধরনের ঘটনাসহ বিভিন্ন অভিযোগের জন্য ২৩ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে।প্রশিকার বিষয়টিতে গতকাল তথ্যের জন্য আবেদনকারী মানসী চাকমা এবং প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য কমিশনের কার্যালয়ে হাজির হন। প্রশিকার পক্ষ থেকে বলা হয়, ‘সংগঠনের বিভিন্ন ঝামেলা থাকায়’ টাকা দিতে কিছুটা দেরি হয়েছে। অন্যদিকে মানসী জানান, শুনানিতে হাজির হওয়ার আগেই তিনি টাকা হাতে পেয়ে গেছেন।তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিওসহ আইনে উল্ল্লেখ করা প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা নিয়োগ না করলে বা তথ্য না দেওয়াসহ অসহযোগিতামূলক কার্যকলাপ করলে নাগরিকেরা তথ্য কমিশনে অভিযোগ করতে পারবেন। কমিশন স্বপ্রণোদিত হয়ে বা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করতে পারবে। আপিলের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলেও আবেদনকারী কমিশনকে তা জানাতে পারবেন।