প্রথমবারের মতো শুরু হচ্ছে মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি-প্রক্রিয়া শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন টেলিটক মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জমা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সিনেট ভবনে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের আওতায় ১৭টি ইউনিটে ভর্তির জন্য আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের ক্ষেত্রে একটি বিভাগের ইউনিটের জন্য ১৫০ টাকা, দুটি বিভাগের ইউনিটের জন্য ২০০ টাকা, তিনটি বিভাগের ইউনিটের জন্য ২৫০ টাকা, চারটি বিভাগের ইউনিটের জন্য ৩০০ টাকা ও পাঁচটি বিভাগের ইউনিটের জন্য ৩৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।উপাচার্য এম আবদুস সোবহান জানান, বিস্তারিত তথ্য সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।