প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
গতকাল বেলা চারটায় জহির রায়হান মিলনায়তনে যৌথভাবে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ।
অনুষ্ঠানে অধ্যাপক শাহনাওয়াজ বলেন, বইমেলায় একসঙ্গে অনেক বইয়ের খোঁজ পাওয়া যায়। এ বিশ্ববিদ্যালয়ে সে কাজটি সহজ করে দিয়েছে প্রথমার এ বইমেলা। এ জন্য তাদের ধন্যবাদ। তাঁর আশা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মেলা থেকে উপকৃত হবেন।
এ বইমেলায় হায়দার আলী খানের মুক্তিযুদ্ধের দিনগুলি: প্রবাসে আলোর গান ও রায়হান রাইনের নতুন উপন্যাস নিখোঁজ মানুষেরা প্রকাশ করা হয়।
মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমার বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন প্রকাশিত বই ১ রুপি সমান ১ টাকা ৮০ পয়সা এবং পুরোনো বই ১ রুপি সমান ১ টাকা ৫০ পয়সায় বিক্রি হবে।