প্রথমা প্রকাশনের তিনটি বই নিয়ে আলোচনা আজ
প্রথমা প্রকাশনের তিনটি বই নিয়ে আজ শুক্রবার মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বিকেল সাড়ে চারটায় এ অনুষ্ঠানে তিনজন লেখক তাঁদের বই তিনটি লেখার অভিজ্ঞতা বর্ণনা করবেন।
বই তিনটি হলো সৈয়দ আবুল মকসুদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা, মহিউদ্দিন আহমদের বিএনপি: সময়-অসময় ও আনিসুল হকের জেনারেল ও নারীরা। অনুষ্ঠানে লেখকেরা তাঁদের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি পাঠক ও দর্শক-শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন। অনুষ্ঠান শেষে থাকবে শিল্পী মাহমুদুজ্জামান বাবুর গান।
১০টি প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে গত ২ এপ্রিল থেকে ‘চৈত্রে বই উৎসব’ চলছে। উৎসবে থাকছে বইকেন্দ্রিক নানা আয়োজন। উৎসবে অংশ নিয়েছে অনন্যা, অনুপম, অ্যাডর্ন, কাকলী, ডেইলি স্টার বুকস, প্রতীক-অবসর, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস ও সময় প্রকাশন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই উৎসবে ৩০ থেকে ৪৫ শতাংশ কমিশনে বই বিক্রি হচ্ছে।