প্রথমা প্রকাশনের নয় দিনব্যাপী বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমীতে প্রথমা আয়োজিত বইমেলা উদ্বোধন করার পর ঘুরে দেখছেন দর্শনার্থী ও ক্রেতারা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমীতে প্রথমা আয়োজিত বইমেলা উদ্বোধন করার পর ঘুরে দেখছেন দর্শনার্থী ও ক্রেতারা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল বৃহস্পতিবার থেকে প্রথমা প্রকাশনের উদ্যোগে নয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বিকেলে মেলার উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। ২৪ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।
বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই বইমেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। বক্তব্য দেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘বর্তমানে বিতর্ক হচ্ছে, মুদ্রিত বই থাকবে না। কিন্তু মানুষের মনটা জটিল, বৈচিত্র্যময় ও পুঞ্জীভূত। এটা বই ছাড়া পূরণ সম্ভব না।’
হরিশংকর জলদাস বলেন, প্রথমা প্রকাশন বইপড়ুয়া মানুষের মধ্যে চমৎকারিত্ব এনেছে। গুরুত্বপূর্ণ বই প্রকাশের মাধ্যমে এই প্রকাশন দেশের মানুষ ও বাইরের বাঙালিদের আলোকিত করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে সোহরাব হাসান বলেন, ‘বই হচ্ছে জীবন, জীবনের অংশ। কোনো ব্যক্তি মানুষ নাকি মানুষ না—এটা আমরা ফারাক করতে পারি বই দিয়েই। এই বইমেলা আয়োজনের উদ্দেশ্যে হলো বইকে আপনাদের কাছে পৌঁছানো।’
মেলায় প্রথমা প্রকাশন প্রকাশিত বই ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থার বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি হচ্ছে। মেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের ওপর ৩০ থেকে ৬০ ভাগ এবং দেশি পুরোনো বইয়ের ওপর ৭০ ভাগ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ভারতীয় নতুন বইয়ের ক্ষেত্রে এক রুপি সমান ১ টাকা ৮০ পয়সা ও পুরোনো বইয়ের ক্ষেত্রে এক রুপি সমান এক টাকা হারে মূল্য নির্ধারণ করা হয়েছে।