প্রথমা প্রকাশনের প্রীতিসম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশনের তিন বছর পূর্তি ও শতাধিক বইয়ের প্রকাশ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক প্রীতিসম্মিলন অনুষ্ঠিত হয়। ঢাকার বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ সম্মিলনে প্রথমা প্রকাশনের লেখক, অনুবাদক, সম্পাদক, নিরীক্ষক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।অনাড়ম্বর এ অনুষ্ঠানে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তাঁর সত্য মামলা আগরতলা বইটির পটভূমি তুলে ধরেন।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান তাঁর বক্তব্যে বলেন, ‘প্রথমা প্রকাশনের বইয়ের গুণগত মান ও অঙ্গসৌষ্ঠব আমাকে মুগ্ধ করেছে। ‘প্রথমা প্রকাশনের অধিকাংশ বইয়ের প্রচ্ছদশিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘বইয়ের সৌন্দর্য আমাকে প্রেরণা দেয়। তাই বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসৌন্দর্য নিয়ে আমি ৮০ বছর বয়সেও কাজ করে যাচ্ছি।’তিন বছরে প্রথমা এক শর বেশি বই প্রকাশ করেছে। বইগুলোর নির্বাচন ও উপস্থাপনা চোখে পড়ার মতো। বলেছেন কথাশিল্পী সেলিনা হোসেন।অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে প্রথমা প্রকাশনের নানা দিক তুলে ধরেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশে বইয়ের প্রকাশনা জগতের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবছর ভালো মানের বই প্রকাশিত হচ্ছে। আমরা প্রথমা প্রকাশনের মাধ্যমে বাংলাদেশের প্রকাশনাশিল্পের অংশীদার হতে চাই।’ তিনি বলেন, প্রথমা প্রকাশন বই করার ক্ষেত্রে শুরু থেকে লেখক-সম্পাদকের সঙ্গে যথাযথ চুক্তি সম্পাদন করছে এবং নিয়মিত সম্মানী দিয়ে আসছে। তিনি প্রথমার কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের কথা উল্লেখ করে বলেন, প্রথমা সর্বাধিক বই প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে। এর পরই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে প্রকাশনা। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।আরও শুভেচ্ছা বক্তব্য দেন নীলুফার হুদা, সুফি মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও প্রথমা প্রকাশনের প্রধান নির্বাহী জাফর আহমদ।প্রীতিসম্মিলনে উপস্থিত ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক আনিসুজ্জামান, রশীদ হায়দার, সৈয়দ আবুল মকসুদ, মালেকা বেগম, সেলিনা হোসেন, আবুল হাসনাত, আখতার হুসেন, মোরশেদ শফিউল হাসান, ক্যাথরিন মাসুদ, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক ফেরদৌস আরা বেগম, ফয়জুল লতিফ চৌধুরী, মুহাম্মদ লুৎফুল হক, রাশেদুর রহমান, রফিক-উম-মুনীর চৌধুরী, শাহীন আখতার, আনিসুল হক, শামীম আমিনুর রহমান প্রমুখ।