
ঘরোয়া পরিবেশে আড্ডার মেজাজে অনুষ্ঠিত হলো প্রীতিসম্মিলন। উপলক্ষ, প্রথমা প্রকাশনের পাঁচ বছর পূর্তি। ষষ্ঠ বছরের শুরুতে নবীন-প্রবীণ লেখক, প্রকাশক, শিল্পী, সাহিত্যানুরাগীদের নিয়ে গতকাল মঙ্গলবার এ প্রীতিসম্মিলনের আয়োজন করা হয় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের ক্যাফেটেরিয়ায়।
সম্মিলনে আমন্ত্রিত অতিথিরা নিজেদের মধ্যে আড্ডা-আলোচনা, কুশল বিনিময় ও গান শোনার মধ্য দিয়ে প্রীতিময় পরিবেশে সময় কাটালেন। তাঁদের আলোচনায়, কথায় বারবার এসেছে প্রয়াত মুহাম্মদ হাবিবুর রহমানের কথা।
প্রথম আলোর সম্পাদক ও প্রথমার প্রকাশক মতিউর রহমানও তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের কথা। প্রতিবছর ৩ ডিসেম্বর প্রথম আলো ও প্রথমা মিলিতভাবে এই মানুষটির জন্মদিন পালন করবে বলে ঘোষণা দেন তিনি। তিনি প্রথম আলো ও প্রথমার আরেক সুহূদ এবিএম মূসার প্রতি শ্রদ্ধা জানান। এই দুজনেরই অপ্রকাশিত কয়েকটি বই এ বছর প্রথমা থেকে প্রকাশিত হবে বলে তিনি জানান।
মতিউর রহমানের বক্তব্য থেকে জানা গেল, মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের চিঠি নিয়ে একাত্তরের চিঠি বইটি প্রকাশনার মধ্য দিয়ে ২০০৯ সালের মার্চ মাসে প্রথমার যাত্রা শুরু হয়। এ পর্যন্ত এই বইয়ের ১৬টি মুদ্রণ হয়েছে। বিক্রি হয়েছে লক্ষাধিক কপি।
মতিউর রহমান জানান, এ পর্যন্ত প্রথমা প্রকাশিত বইয়ের সংখ্যা ২০৮টি। এই বইগুলোর পাঁচ লাখ ৬৫ হাজার ৮৫০ কপি ছাপা হয়েছে। এগুলোর মধ্যে বেশ কিছু বই পুরস্কৃত হয়েছে। পুরস্কৃত বইয়ের মধ্যে ফারুক মইনউদ্দীন অনূদিত ক্লিন্টন বি সিলির অনন্য জীবনানন্দ পেয়েছে আইএফআইসি ব্যাংক পুরস্কার এবং ২০১২ সালে বাংলা একাডেমির চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার পেয়েছে। ওই বছর হরিশংকর জলদাসের রামগোলাম উপন্যাসটি পেয়েছে আনন্দ আলো-সিটি ব্যাংক পুরস্কার। ২০১৩ সালে গুণগত মান বিচারে সেরা বই হিসেবে বাংলা একাডেমির মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠানের উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে। ২০১৪ সালে আনন্দ আলো-সিটি ব্যাংক পুরস্কার পেয়েছে আকবর আলি খানের চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের ‘বনলতা সেন’। এ ছাড়া ২০১১ এবং ২০১৪ সালে সর্বাধিকসংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য প্রথমা পেয়েছে বাংলা একাডেমির মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার।
প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমদ স্বাগত জানিয়ে প্রীতিসম্মিলনের সূচনা করেন। সম্মিলনে শারমিন সাথী ইসলাম দুটি নজরুলসংগীত এবং অনিমা রায় দুটি রবীন্দ্রসংগীত গেয়ে শোনান।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ মার্চ ২০১৩ থেকে ফেব্রুয়ারি ২০১৪—এই এক বছরে প্রকাশিত ৫৭টি বইয়ের মধ্য থেকে হাবিবুর রহমানের যার যা ধর্ম, সৈয়দ শামসুল হকের তিন পয়সার জ্যোছনা, ফারুক চৌধুরীর জীবনের বালুকাবেলায়, আকবর আলি খানের চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের ‘বনলতা সেন ’, এ টি এম শামসুল হুদার ফিরে দেখা জীবন এবং মতিউর রহমানের আকাশভরা সূর্যতারা: গান-কবিতা-শিল্পের ঝরনাধারায় নিয়ে তাঁর চিন্তন ব্যক্ত করেন।
সম্মিলনে উপস্থিত ছিলেন সালাহউদ্দীন আহমেদ, আবুল কালাম মুহাম্মদ যাকারিয়া, জিল্লুর রহমান সিদ্দিকী, আহমদ রফিক, আনিসুজ্জামান, আকবর আলি খান, এ টি এম শামসুল হুদা, কাইয়ুম চৌধুরী, ফারুক চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, শামসুজ্জামান খান, রশীদ হায়দার, আনোয়ার উল আলমসহ দেশের নবীন-প্রবীণ আরও অনেক লেখক ও বিশিষ্টজন।
আজ উত্তরায় শুরু হচ্ছে প্রথমার বইমেলা
আজ বুধবার বেলা ১১টায় ঢাকার উত্তরায় প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। সেক্টর ৬-এর উত্তরা মডেল টাউনের রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাশিল্পী-সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ৫ মে পর্যন্ত।
মেলায় ৩০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি বই বিক্রি হবে ৭০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে এক রুপি সমান ১.৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে এক রুপি সমান এক টাকায়।