প্রথমার বইমেলা উত্তরায় শুরু

‘যারা গণহত্যা করেছে/ শহরে গ্রামে টিলায় নদীতে, খেত ও খামারে/ আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু/ সেইসব পশুদের।’ পঙিক্তগুলো যখন উচ্চারিত হচ্ছিল, তখন মিলনায়তনের ছাত্র-শিক্ষক সবাই অভিভূত। গতকাল বুধবার বেলা ১১টায় রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্রী অগ্নি অতুলনীয় নূরের কণ্ঠে শামসুর রাহমানের ‘অভিশাপ দিচ্ছি’ কবিতাটির আবৃত্তির মধ্য দিয়ে সূচনা হয় প্রথমা আয়োজিত উত্তরা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের।
কলেজের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম ও কথাশিল্পী আনিসুল হক। সভাপতিত্ব করেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান কবীর। সাবেক সচিব মো. সাখাওয়াত হোসেন ও প্রথমার সমন্বয়কারী জাফর আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম নিজের দেখা বিগত সাত দশকের বাংলাদেশের চিত্র তুলে ধরে বলেন, ‘আজকের শিক্ষার্থীরা বাংলাদেশের আগামী ৭৫ বছরের ভিত্তি গড়ে দেবে। এর জন্য দরকার বৈজ্ঞানিক শিক্ষা, সাহিত্যের শিক্ষা, দর্শনের শিক্ষা। আর শিক্ষার জন্য বইয়ের বিকল্প নেই।’ আনিসুল হক প্রখ্যাত বিজ্ঞানী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও স্থপতির উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা যা হতে চাই, শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; সংগীত, সাহিত্য, চিত্রকলা, খেলাধুলা ইত্যাদির সঙ্গেও আমাদের যোগ থাকতে হবে।’ পরে রাজউক মডেল কলেজ প্রাঙ্গণে সভাপতি ও অতিথিদ্বয় একযোগে ফিতা কেটে প্রথমার বইমেলার উদ্বোধন করেন।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য বইমেলা খোলা থাকবে। চলবে ৫ মে পর্যন্ত।
মেলায় ৩০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে। প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি বই বিক্রি হচ্ছে ৭০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হচ্ছে এক রুপি সমান ১.৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হচ্ছে এক রুপি সমান এক টাকায়।