প্রথমার মুক্তিযুদ্ধের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠক নানা রকম। একদল পাঠক বেশি পড়েন আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক বই। প্রথমা প্রকাশন ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রকাশ করেছে ৩১টি। এর মধ্যে এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চারটি—ড. কামাল হোসেনের মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল (দ্বিতীয় সংস্করণ), রেহমান সোবহানের বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হায়দার আলী খানের মুক্তিযুদ্ধের দিনগুলি: প্রবাসে আলোর গান এবং মুহাম্মদ লুৎফুল হক সম্পাদিত বরিশাল ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান। এই চার বই একুশে বইমেলায় পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানিয়েছেন প্রথমার একজন বিক্রয়কর্মী।
প্রথমা যাত্রা শুরু করেছিল একাত্তরের চিঠি বইটি দিয়ে। মেলায় আসছে এর ২৬তম মুদ্রণ। ১৯৭৬ সালে তিনজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ঘাতকের হাতে নিহত হন—মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল খন্দকার নাজমুল হুদা ও কর্নেল এ টি এম হায়দার। এ নিয়ে রয়েছে প্রথমার তিনটি বই। খালেদ মোশাররফের বইটির নাম মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স (তৃতীয় মুদ্রণ)। কর্নেল খন্দকার নাজমুল হুদাকে নিয়ে কর্নেল হুদা ও আমার যুদ্ধ (দ্বিতীয় সংস্করণ) শিরোনামে বইটি লিখেছেন তাঁর স্ত্রী নীলুফার হুদা। এ টি এম হায়দারের অধীন মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম লিখেছেন মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায় (চতুর্থ সংস্করণ)। বইগুলো এখনো পাঠকের আগ্রহ মেটাচ্ছে।
মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের ভিত্তিতে জেলাভিত্তিক পাঁচটি বই প্রকাশ করেছে প্রথমা। মালেকা বেগমের মুক্তিযুদ্ধে নারী এবং রাশেদুর রহমান সম্পাদিত নারী ১৯৭১ বই দুটিতে মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ও নিগ্রহের প্রসঙ্গ আছে। প্রথমার আরও কয়েকটি বই হলো এ কে খন্দকারের ১৯৭১: ভেতরে বাইরে (দ্বিতীয় সংস্করণ, দশম মুদ্রণ), মঈদুল হাসানের উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল (দ্বিতীয় সংস্করণ তৃতীয় মুদ্রণ), আমীন আহম্মেদ চৌধুরীর ১৯৭১ ও আমার সামরিক জীবন (চতুর্থ মুদ্রণ), এইচ এম আব্দুল গাফ্ফারের স্মৃতিময় মুক্তিযুদ্ধ ও আমার সামরিক জীবন।
মেলার ২৪তম দিনে প্রথমা প্রকাশনের স্টলে আজ উপস্থিত থাকবেন লেখক আনিসুল হক ও তরুণ লেখক রাজীব হাসান।