আজ সোমবার বিকেল চারটায় শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে প্রথমা বইয়ের দুনিয়ার ১১ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। এবারের শাহবাগ বইমেলা সদ্য প্রয়াত সাংবাদিক এবিএম মূসার স্মৃতির উদ্দেশে নিবেদন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কীর্তিমান এই সাংবাদিকের আত্মজীবনী আমার বেলা যে যায় প্রকাশিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বিকেল চারটায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
মেলায় ২৫ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি বই বিক্রি হবে ৮০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকা এবং ভারতীয় পুরোনো বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে ১ রুপি সমান ১ টাকায়।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।