প্রথমার শাহবাগ বইমেলা শুরু

উদ্বোধনের পরপরই মেলা জমজমাট। পাঠক-ক্রেতায় ভরপুর মেলা প্রাঙ্গণ। শুরু হয়ে গেল বই পছন্দ করা। উল্টেপাল্টে দেখে কারও পছন্দ হলে কিনে নিচ্ছেন। বিক্রেতাদের মধ্যেও বেড়ে যায় ব্যস্ততা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে প্রথমার শাহবাগ বইমেলার উদ্বোধন হয়। এ সময় এমন দৃশ্যই চোখে পড়ে। একজন তো বিক্রেতাকে জিজ্ঞেস করে বসলেন, ‘আপনারা সারা বছর বইমেলা করতে পারেন না?’
এর খানিক আগেই লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বইমেলার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আমরা বেশ একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ থেকে উত্তরণের জন্য বেশি বেশি বই পড়া দরকার। বেশি বেশি বইমেলা হওয়া দরকার।’ তিনি বলেন, অনেকে বলেন ভবিষ্যতে আর বই থাকবে না। মানুষ ই-বুক পড়বে বটে, পাশাপাশি বইও থেকে যাবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকও বললেন, ‘আমরা যে দুঃসময় পার করছি, তা থেকে আলোয় উত্তরণের জন্য আমাদের বেশি বেশি বই পড়তে হবে।’
মেলায় এরিক মারিয়া রেমার্কের বিশ্ববিখ্যাত উপন্যাস অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট-এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়। বইটি অনুবাদ করেন শেখ আবদুল হাকিম।
অনুষ্ঠানে মাহবুব আলম, সৈয়দ আজিজুল হক, বিপ্লব বালা, সুফি মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ লুৎফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথমা প্রকাশন আয়োজিত একক এই বইমেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। আজ মেলা শুরু হবে বেলা ১১টায়। ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রথমার বই ছাড়াও ভারতীয় নতুন-পুরোনো বই পাওয়া যাচ্ছে। রয়েছে সাহিত্যের ছোট কাগজ ও সাময়িকী। এখানে ২৫ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে। ভারতীয় বই বিক্রি হচ্ছে ১ রুপি সমান ১.৮ টাকা, ১ রুপি সমান ১.৫ টাকা ও ১ রুপি সমান ১ টাকা হিসাবে।
আয়োজকেরা জানান, ২০১৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাচ্ছে শাহবাগ বইমেলায়। একুশে বইমেলার পর প্রকাশিত নতুন বইগুলোও পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ কমিশনে।