প্রথমায় ভ্রমণকাহিনির ব্যাপক চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের বই কেনার জন্য অনেকেরই পকেটে বা মনে একটা বই ও প্রকাশনা প্রতিষ্ঠানের তালিকা বানানো থাকে। অনেক পাঠকের সেই তালিকায় প্রথমা প্রকাশনের নামও থাকে। প্রথমার স্টলে তাই বহু মানুষের সমাগম।
আনিসুল হকের প্রিয় এই পৃথিবী ছেড়ে, হরিশংকর জলদাসের রঙ্গশালা, শাহাদুজ্জামানের একজন কমলালেবু উপন্যাসগুলো তরুণ পাঠকেরা বেশি খুঁজছেন। গতকাল শুক্রবার এই প্রকাশনার স্টলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা গেল, উপন্যাসের পাশাপাশি ভ্রমণের বইগুলো আগ্রহ নিয়ে খুঁজছে নানা বয়সী পাঠক।
প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের কর্মী হুমায়ুন কবির জানালেন, প্রথমা প্রকাশন যাত্রা শুরুর দুই বছরের মধ্যেই ভ্রমণকাহিনি প্রকাশে মনোযোগী হয়। প্রথমা থেকে এ পর্যন্ত ভ্রমণ নিয়ে ১১টি বই বেরিয়েছে। এবার প্রকাশিত মঈনুস সুলতানের রোড টু কান্দাহার বইটি তাঁর কাবুলের ক্যারাভান সরাই বইটির কথা মনে করিয়ে দেবে। এ বইটিতে ছিল যুদ্ধবিধ্বস্ত কাবুলের মানুষের হৃদয়স্পর্শী সব গল্প। একটু ভিন্ন আঙ্গিকে এবার তিনি লিখেছেন আফগানিস্তানের কান্দাহারের অভিজ্ঞতা। এই লেখকের ঘুরে বেড়াই আদিম গুহায় তাঁর অন্য বইগুলো থেকে একেবারেই আলাদা। এটা বিভিন্ন মহাদেশে তাঁর গুহাভ্রমণের কৌতূহলোদ্দীপক বৃত্তান্ত।
ক্যাপ্টেন শামস উজ জামানের নুনকি একটি তারার নাম: নাবিকের সমুদ্রযাত্রা বইটি আজ শনিবার মেলায় আসবে। এ বইয়ে লেখকের একেবারে শিক্ষানবিশ কাল থেকে তাঁর ক্যাপ্টেন হয়ে ওঠা এবং চারটি দীর্ঘ সমুদ্রভ্রমণের চমকপ্রদ বিবরণ আছে। পাশাপাশি আছে তাঁর এক ক্যাপ্টেন বন্ধুর সম্পর্কের গল্প, যার পরিণাম করুণ।
এ পর্যন্ত মঈনুস সুলতানের প্রকাশিত আটটি ভ্রমণগল্পের সবগুলো বই-ই জনপ্রিয় হয়েছে। সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে কাবুলের ক্যারাভান সরাই। এখন এর চতুর্থ মুদ্রণ শেষের পথে। পঞ্চম মুদ্রণ হবে মার্চ মাসে। ২০১২ সাল থেকে তাঁর একটা করে বই প্রকাশ করা হচ্ছিল। ২০১৬ সালের বইমেলা থেকে দুটি করে বই প্রকাশ করা হচ্ছে।
জানা গেল, প্রথমা প্রকাশিত ফারুক মঈনউদ্দীনের সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে এবং শাকুর মজিদের ১০ সদর স্ট্রিট: রবীন্দ্রনাথের কলকাতা (২য় মুদ্রণ) বই দুটোও পাঠকের আনুকূল্য পেয়েছে।