প্রথমায় 'মুক্তিযুদ্ধের নায়কেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের নায়কেরা
মুক্তিযুদ্ধের নায়কেরা

প্রথমা প্রকাশন প্রকাশ করেছে সাজ্জাদ শরিফ সম্পাদিত বই মুক্তিযুদ্ধের নায়কেরা। এর ভূমিকায় সম্পাদক বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মানুষের দীর্ঘকালের স্বাধিকার আন্দোলন ও সংগ্রাম রূপান্তরিত হয় মুক্তিযুদ্ধে। এর প্রকৃত নায়ক এ দেশের সাধারণ মানুষ। কিন্তু যুদ্ধের সূচনা, পরিকল্পনা, লড়াই ও বিজয়ের পেছনে রয়েছে বিচিত্র ঘটনাধারার এক যোগফল। তাতে দেশের মানুষ তো অবদান রেখেছেনই, অনেক বিদেশিরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অনুপ্রেরণা। তাঁদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনের অনন্য কাহিনি নিয়ে এ বই।’
বইটি শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে। ‘বঙ্গবন্ধু’ শিরোনামে নিবন্ধটি লিখেছেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বঙ্গবন্ধুর জীবনের পূর্বাপর মূল্যায়ন করেছেন।
‘মুক্তিযুদ্ধের উজ্জ্বল নক্ষত্র’ নিবন্ধটি লিখেছেন তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদ। এতে মুক্তিযুদ্ধে তাজউদ্দীনের সুদৃঢ় সক্রিয় ভূমিকার কথা সুচারুভাবে উঠে এসেছে।
সুলতানা নাজনীন ‘বীরশ্রেষ্ঠর অমর গাথা’ নিবন্ধে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বসূচক আত্মত্যাগের কথা। আসিফ নজরুল তাঁর ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ নিবন্ধে মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের ভূমিকা, বিচারপতি আবু সাঈদ চৌধুরী ‘প্রবাসে উজ্জীবিত বাঙালি’ নিবন্ধে মুক্তিযুদ্ধে ব্যক্তিগতভাবে তাঁর ও প্রবাসী বাঙালিদের ভূমিকা এবং মহিউদ্দিন আহমদ ‘মুক্তিযুদ্ধের ধাত্রী’ নিবন্ধে ভারতের তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকা তুলে ধরেছেন।
বইটিতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, পি এন হাকসার ও ডি পি ধর, ইয়াকফ মালিক, এডওয়ার্ড কেনেডি, অ্যালেন গিন্সবার্গ এবং অঁদ্রে মালরোকে নিয়ে রয়েছে আগ্রহোদ্দীপক নিবন্ধ। বইটি পাওয়া যাবে বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে।