প্রথমে গণপিটুনি পরে গুলি, এজাহারে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত মঙ্গলবার সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনা নিয়ে একেক সময় একেক মন্তব্য করেছে পুলিশ। ঘটনার দিন সকালে পুলিশ বলেছে, গণপিটুনিতে তিনি নিহত হয়েছেন। ওই দিন সন্ধ্যায় বলেছেন ‘পুলিশের গুলিতে’ নিহত হয়েছেন। কিন্তু মামলার এজাহারে বলা হয়, পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনি।
গত মঙ্গলবার সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পুলিশ দাবি করে, নিহত ব্যক্তির নাম সাগর (২৬), তিনি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই দিন এসআই মমিনুল হক প্রথম আলোকে বলেন, ভোরে (মঙ্গলবার) পল্টনের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীদের একটি চক্র ব্যক্তিগত গাড়ি নিয়ে ছিনতাই করছিল। এ সময় তাদের ধাওয়া করে পুলিশ। গাড়ি নিয়ে তারা ধানমন্ডির দিকে পালিয়ে যায়। ধানমন্ডি ৩ নম্বর সড়কে তাদের আটকে দেওয়া হয়। সেখানে উত্তেজিত জনতার গণধোলাইয়ে এক ছিনতাইকারী গুরুতর আহত হন। পালানোর সময় আরেকজন পুলিশের গুলিতে আহত হন। এই চক্রের আরও একজনকে আটক করা হয়। আহত হযরত আলী (২৫) ও সন্দেহভাজন আরেকজনের নাম আবুল বাশার (২৮)। পুলিশের তথ্য অনুযায়ী আবুল বাশার গাড়ি চালাচ্ছিলেন।
একই দিন সন্ধ্যায় এই প্রতিবেদককে মমিনুল বলেন, পুলিশের গুলিতে সাগর নিহত হয়েছেন। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, মৎস্য ভবন থেকে ধাওয়া করে ছিনতাইকারীদের গাড়িটি ধানমন্ডি এলাকায় এলে পুলিশ তাদের গাড়ি দিয়ে পথ আটকায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যেতে চাইলে পুলিশ গুলি করে। গুলিতে একজন নিহত হন। মারুফ হোসেন বলেন, পুলিশ গাড়িটি আটক করে। গাড়ির মালিক সোহরাব, তাঁর আরও একটি গাড়ি আছে। সোহরাব ও বাশার দুজন দুটি গাড়ি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পুলিশ সোহরাবকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। কিন্তু এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে ভিন্ন কথা। এজাহার অনুযায়ী সোহরাব ও বাশার একই গাড়িতে ছিলেন।
মঙ্গলবারের ঘটনা সম্পর্কে ডিসি আরও বলেন, ঘটনার সময় পুলিশ নারীদের ব্যবহৃত একটি ব্যাগ ও মুঠোফোন উদ্ধার করেছে। মুঠোফোনটি ইডেন কলেজের এক ছাত্রীর। কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। মঙ্গলবার রাতেই এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলার বাদী মমিনুল হক। এজাহারে বলা হয়েছে, গত সোমবার রাত সাড়ে ১১টা থেকে এসআই মমিনুল হক, দুই কনস্টেবল ও আনসারের এক সদস্য হাইকোর্টের মূল ফটকের সামনে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় গোপন সূত্রে পুলিশ খবর পায়, ঢাকা মেট্রো-গ-১৫-৪৯২১ নম্বরের সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িতে তিন থেকে চারজন ছিনতাইকারী বিভিন্ন এলাকায় রিকশার যাত্রী ও পথচারীদের ভ্যানিটি ব্যাগ, ল্যাপটপের ব্যাগসহ নগদ টাকা ছিনতাই করছে। ভোর সোয়া পাঁচটার দিকে ওই ব্যক্তিগত গাড়িটি পুলিশের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটি থামার সংকেত দেয়। কিন্তু সংকেত না মেনে গাড়িটি দ্রুতবেগে মৎস্য ভবনের দিকে রওনা করে। পরে পুলিশ গাড়ি নিয়ে ধাওয়া করে। সন্দেহভাজন গাড়িটি রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে সোনারগাঁও ক্রসিং ও রাসেল স্কয়ার ঘুরে ধানমন্ডির দিকে আসতে থাকে। দ্রুতগতিতে পুলিশের গাড়িটি ধানমন্ডির তিন নম্বর সড়কের মাথায় এসে সড়কে আড়াআড়ি করে রাখে। তখন সময় ভোর ৬টা ১০ মিনিট। এবার পুলিশ আবার সন্দেহভাজন গাড়িটি থামার সংকেত দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে সুমনের বুকের বাম পাশে ও হযরত আলীর ডান পায়ে গুলি লাগে। গোলাগুলির শব্দে আশপাশের মানুষ এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় নিহত, আহত ব্যক্তিসহ আবুল বাশারকে আটক করা হয়। এ সময় সোহরাব পিস্তল ও গুলি নিয়ে পালিয়ে যায় বলে এজাহারে দাবি করা হয়েছে।
গতকাল ধানমন্ডির তিন নম্বর সড়কের আশপাশ ও ওই সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত ২০ জনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। যাঁদের মধ্যে অন্তত পাঁচজন ওই এলাকার বিভিন্ন বাড়ির নিরাপত্তারক্ষী। তাঁরা কেউ ঘটনাটি জানেন না বলে জানিয়েছেন। তিন নম্বর সড়কের মাথায় ছিন্নমূল এক যুবক বলেন, প্রতিদিন রাতে তিনি তিন নম্বর সড়কের মাথাতেই ঘুমান। মঙ্গলবার ভোরেও তিনি সেখানে ঘুমিয়েছিলেন। গোলাগুলির কোনো শব্দ শুনেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো শব্দ তিনি শোনেননি। তিন নম্বর সড়কের ঠিক বিপরীত পাশে ট্রাফিক পুলিশ বক্সে বসা ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু পালিত বলেন, তাঁদের ডিউটি সকাল সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকে। ভোরে কী হয়েছে তিনি জানেন না।
সন্দেহভাজনের মৃত্যু নিয়ে বিভিন্ন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গণপিটুনিতে নয়, দুই পক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।
এদিকে আটক দুজনকে গতকাল আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেককে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। নিহত সাগরের লাশ গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার হাসেমদিয়ায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় মেলেনি।