রাজশাহীতে ব্যবসায়ী আমিনুল হককে নয় টুকরা করে হত্যার দুই বছর চার মাস পর প্রথমে গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ২৩ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম এনামুল হক এই অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযুক্ত দুই আসামি হচ্ছেন নগরের আরডিএ মার্কেটের প্লাস্টিকসামগ্রী ব্যবসায়ী সারোয়ার হোসেন (৪০) ও তাঁর দোকানের কর্মচারী আবদুল হাকিম (২০)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে। রাজশাহী নগরের ব্যবসায়ী ও হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক আমিনুল হক ২০১০ সালের ১০ এপ্রিল নিখোঁজ হন। তিনি নির্ধারিত ব্যক্তিকে ২০ লাখ টাকা দিতে মুঠোফোনে মুঠোফোনে তাঁর স্ত্রীকে বলেন। কথামতো ওই দিন বিকেল সাড়ে তিনটায় তাঁর স্ত্রী ২০ লাখ টাকা দেন। ওই রাতেই তাঁকে আলুপট্টির একটি বাড়িতে জবাই করে হত্যা করা হয়। পরের রাতে তাঁর লাশ নয় টুকরা করে পলিথিনের ব্যাগে ভরার সময় পুলিশ আসামিদের গ্রেপ্তার করে লাশ উদ্ধার করে। এই মামলায় প্রথম বোয়ালিয়া থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাককে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনিই আসামিদের গ্রেপ্তার করে মুক্তিপণের সিংহভাগ টাকা উদ্ধার করেন। তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন, জমি কিনে দেওয়ার দালালি বাবদ আমিনুল সারোয়ারকে চার লাখ টাকা দিতে চেয়েছিলেন। এই টাকা না পাওয়ার ক্ষোভেই তিনি আমিনুলকে তাঁর বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। সারোয়ারের স্ত্রী নার্গিসকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ঘটনার পর নার্গিস ওই বাসায় গিয়েছিলেন। তিনি তথ্যটি গোপন রেখেছিলেন।