প্রথমে তটস্থ, পরে বিস্মিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা আক্তার বানু গতকাল শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে l প্রথম আলো
মেহেরপুরের সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা আক্তার বানু গতকাল শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে l প্রথম আলো

মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় জাতীয় পতাকা উড়িয়ে সেখানে হাজির একটি দামি প্রাডো গাড়ি। হঠাৎ কোনো মন্ত্রীর আগমন ভেবে তটস্থ হয়ে পড়লেন পুলিশ-প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা। কিন্তু পরক্ষণেই গাড়ি থেকে নামতে দেখলেন সংরক্ষিত নারী আসনের একজন সাংসদকে। তাঁর গাড়িতে পতাকা দেখে বিস্মিত হন উপস্থিত সবাই।
মেহেরপুর-১ ও ২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা আক্তার বানু গতকাল জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছেলেপেলেরা কখন গাড়িতে জাতীয় পতাকা ঝুলিয়েছে খেয়াল করিনি। এটা মিসটেক। পরে খুলে ফেলা হয়েছে।’
দলীয় নেতা-কর্মীরা জানান, সাংসদ পতাকাবাহী দামি গাড়ি নিয়ে প্রথমে গাংনী উপজেলার শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে ওই গাড়ি নিয়ে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ বলেন, পতাকাবাহী আকস্মিক গাড়ির আগমন দেখে অনেকেই মন্ত্রীর উপস্থিতি ভেবে তটস্থ হয়ে পড়েন। প্রটোকল দিতে ব্যস্ত হয়ে পড়েন অনেক পুলিশ সদস্য। নেতা-কর্মীরা ভিড় জমান গাড়ি অভিমুখে। কিন্তু সেই গাড়ি থেকে নারী সাংসদকে নামতে বিস্মিত হন সবাই।
জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধিবিধান বর্ণিত আছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, কেবিনেট মন্ত্রী, কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, চিফ হুইপ, সংসদের বিরোধীদলীয় নেতা, প্রধান বিচারপতি, বহির্বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন বা কনস্যুলার মিশনের প্রধানেরা তাঁদের গাড়ি বা নৌযানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং প্রতিমন্ত্রী রাজধানীর বাইরে ভ্রমণকালে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন।