প্রথমে ধর্ম বাবা-মা পরে জুসে আপ্যায়ন তারপর কিছু মনে নেই
নীলফামারীর সৈয়দপুরে এক প্রতারক কৌশলে হোটেলে নিয়ে জুস খাইয়ে অজ্ঞান করিয়ে দরিদ্র স্বামী-স্ত্রীর ৩৫ হাজার টাকা নিয়ে গেছেন। গতকাল রোববার দুপুরে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়ক (দিনাজপুর রোড) থেকে ওই দম্পতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে জ্ঞান ফিরলে মাহবুবার রহমান (৪৮) জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল বাজারে (সৈয়দপুরের পাশে) তাঁর বাড়ি। তিনি রিকশাভ্যান চালক। তিনি মাথার ঘাম পায়ে ফেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখায় ৩৫ হাজার টাকা সঞ্চয় করেন। গতকাল তিনি স্ত্রী সাঈদা বেগমকে সঙ্গে নিয়ে টাকা তুলতে ব্যাংকে আসেন। শহরের শহীদ তুলসীরাম সড়কে ব্যাংকের ওই শাখা থেকে টাকা তুলে বের হওয়ার পথে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় তাঁদের। লোকটি তাঁদের সঙ্গে আলাপের একপর্যায়ে তাঁরা দেখতে ঠিক তাঁর বাবা-মায়ের মতো ইত্যাদি বলে সখ্য গড়ে তোলেন। পরে তাঁদের ধর্মের বাবা-মা বানিয়ে আপ্যায়নের কথা বলে একটি হোটেলে নেন। সেখানে তাঁদের জুস খেতে দেন। এর পরে কিছু মনে নেই। ধারণা করা হচ্ছে, জুস খেয়ে মাহবুবার ও তাঁর স্ত্রী বেসামাল হয়ে পড়লে প্রতারক তাঁদের ব্যাগে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে উধাও হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।