প্রথমে ফেসবুকে পরে বাস্তবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকভিত্তিক সংগঠন ‘ফুড মনস্টারস’ আয়োজিত খাবার উৎ​সবে ভিড় জমান ভোজনরসিকেরা। ছবিটি গতকাল সকালে চট্টগ্রামের পঁাচলাইশে শিশু একাডেমি প্রাঙ্গণ ​থেকে তোলা l প্রথম আলো
ফেসবুকভিত্তিক সংগঠন ‘ফুড মনস্টারস’ আয়োজিত খাবার উৎ​সবে ভিড় জমান ভোজনরসিকেরা। ছবিটি গতকাল সকালে চট্টগ্রামের পঁাচলাইশে শিশু একাডেমি প্রাঙ্গণ ​থেকে তোলা l প্রথম আলো

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে যেসব ভোজনরসিক নিয়মিত ঢুঁ মারেন তাঁদের কাছে ‘ফুড মনস্টারস’ খুব পরিচিত নাম। চট্টগ্রামের বিভিন্ন রেস্তোরাঁর নানা স্বাদের খাবারের ভালো-মন্দ নিয়ে নিয়মিত লেখা পোস্ট হয় ফেসবুকের এ পাতাটিতে। এ গ্রুপটি এবার নগরের ২২টি রেস্তোরাঁকে পাশাপাশি এনে ভোজনরসিকদের জন্য আয়োজন করেছে দুদিনের খাদ্য উৎসবের।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিশু একাডেমির প্রাঙ্গণে খাদ্য উৎসবের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ফুড মনস্টারস এর অ্যাডমিন বৃষ্টি ইসলাম, হুইজ কমিউনিকেশনসের পরিচালক কাজী আরফাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেসবুকের একটা উপলক্ষকে ঘিরে তরুণেরা মিলিত হয়েছেন। তারুণ্যের এই শক্তিকে সমাজের ইতিবাচক অনেক কাজে লাগানো সম্ভব।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ওয়াসিকা আয়েশা খান বলেন, তরুণদের এ উদ্যোগ প্রশংসনীয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে তরুণেরা ভবিষ্যতে বড় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

খাদ্য উৎসবের আয়োজন সম্পর্কে জানতে চাইলে ফুড মনস্টারস গ্রুপের অন্যতম অ্যাডমিন মো. ইমরান চৌধুরী প্রথম আলোকে বলেন, যাত্রা শুরু করার পৌনে দুই বছরের মধ্যেই ফেসবুকের এ পাতাটির সদস্যসংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। গ্রুপটির সদস্যদের প্রায় সবাই তরুণ। আর তাঁদের এক করতেই এ খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে।

খাদ্য উৎসবে গতকাল দুপুরে বন্ধুদের নিয়ে খেতে আসেন সিনথিয়া আমিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই ফেসবুকের এ পাতাটিতে ঢুকে দেখি রেস্তোরাঁগুলোতে নতুন কোনো খাবার এল কি না। এই পাতার মাধ্যমে অনেকের সঙ্গে ভার্চ্যুয়াল বন্ধুত্বও হয়েছে।’

উৎসবে খাবারের স্টল ছাড়াও র‍্যাফল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। আছে সাংস্কৃতিক আয়োজনও। আজ শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। টিকিটের মূল্য ৩০ টাকা।