
প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম-এর সর্বশেষ সংখ্যায় বিদায়ী বছরের সবচেয়ে আলোচিত অনেক ছবি ছাপা হয়েছে। ‘দ্য ইয়ার ইন পিকচার্স’ শিরোনামে ছাপা ছবিগুলোর মধ্যে প্রথমেই স্থান পেয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি ছবি।
দুই পাতাজুড়ে ছাপা ছবিটি গত এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধারকাজ চলার সময় তোলা। কংক্রিটের স্তূপের নিচে একে অন্যকে ধরে থাকা অবস্থায় চাপা পড়ে আছেন একজন নারী ও একজন পুরুষ।
টাইম ছবিটির শিরোনাম দিয়েছে ‘শেষ আলিঙ্গন’। হতভাগ্য ওই নারী-পুরুষ ছিলেন সম্ভবত দম্পতি। নয়তলা ভবনটি মাথার ওপর ধসে পড়ার সময় হয়তো একে অন্যকে আঁকড়ে ধরেছিলেন। সেই অবস্থায় পিষ্ট হয়েছেন বিশাল কংক্রিটের স্তূপের নিচে।
ছবিটি তুলেছেন আলোকচিত্রী তাসলিমা আক্তার। তিনি লিখেছেন, ‘যতবার আমি ছবিটির দিকে তাকাই, প্রতিবার অস্বস্তি বোধ করি। আমার মনে হয়, ছবির দুই নারী-পুরুষ বলছেন, “আমরা শুধু একটা সংখ্যা নই। নই শুধু সস্তা শ্রমিক বা সস্তা প্রাণ। আমরাও তোমাদের মতো মানুষ।”’