প্রথমের বদলে পুরস্কার পেল ১৫তম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০১৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী হিসেবে উদ্দীপনা পুরস্কারের এক লাখ টাকা করে পাওয়ার কথা শীর্ষ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের। কিন্তু ওই নিয়ম লঙ্ঘন করে উপজেলার ১৫ ও ২৮তম শিক্ষাপ্রতিষ্ঠানকে ওই টাকা দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন ওরফে কালুর পছন্দের প্রতিষ্ঠানকে ওই টাকা দেওয়া হয়। এ ঘটনায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন বলেন, ‘কারা টাকা পাবে, এটা আমি ঠিক করিনি। ওই প্রক্রিয়ার সঙ্গে আমি জড়িত নই। তবে আমি দায়েমছাতি স্কুলের সভাপতি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে টাকা পেয়েছেন বলে নিশ্চিত করেন। এর বেশি কিছু আমার জানা নেই।’
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নাঙ্গলকোট উপজেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাহিনী উচ্চবিদ্যালয় প্রথম এবং বাদশা মিয়া মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে। মাহিনী উচ্চবিদ্যালয় থেকে ৭৫ জন পরীক্ষা দিয়ে ৭৪ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৮ দশমিক ৬৭। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। প্রতিষ্ঠানটি ফল নির্ণয়ের সব শর্ত মিলিয়ে ৬১ দশমিক ৭৫ পয়েন্ট পেয়ে উপজেলায় প্রথম হয়েছে। আর বাদশা মিয়া মডেল
উচ্চবিদ্যালয় থেকে ১৪৭ জন পরীক্ষা দিয়ে ১৪২ জন পাস করে। পাসের হার ৯৬ দশমিক ৬০। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। প্রতিষ্ঠানটি ৬১ দশমিক ৭১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহেন্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উদ্দীপনা পুরস্কার ঘোষণা করা হয়। সেকায়েপের প্রকল্প কর্মকর্তা ফারজানা আবেদীন খানম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরসহ (২০১৪) পূর্ববর্তী দুই বছরের এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে পুরস্কার হিসাবে নগদ এক লাখ টাকা ও সনদ প্রদান করতে হবে।
এই নিয়মানুযায়ী পুরস্কার হিসাবে নগদ এক লাখ টাকা ও সনদ পাওয়ার কথা মাহিনী এবং বাদশা মিয়া মডেল উচ্চবিদ্যালয় ও কলেজের। কিন্তু ওই টাকা পেয়েছে নাঙ্গলকোট এ আর বহুমুখী উচ্চবিদ্যালয় ও দায়েমছাতি উচ্চবিদ্যালয়। এ আর বহুমুখী উচ্চবিদ্যালয় চলতি বছর এসএসসি পরীক্ষায় ৫৪ দশমিক ৮৪ পয়েন্ট পেয়ে ১৫তম এবং দায়েমছাতি ৫০ দশমিক ৫২ পয়েন্ট পেয়ে ২৮তম হয়েছে। ২০১৩ ও ২০১২ সালেও এ প্রতিষ্ঠান দুটি প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল না। ইতিমধ্যে এক লাখ টাকার চেক এসব বিদ্যালয়ে পৌঁছানো হয়েছে। সনদ দেওয়া হবে আগামী ১৬ ডিসেম্বর।
এ প্রসঙ্গে সেকায়েপের উপপরিচালক (ডিডি) সুজন কুমার সরকার বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম আবদুল হান্নান বলেন, ‘নিয়মানুযায়ী যে স্কুল ফলাফলে প্রথম ও দ্বিতীয় হয়েছে সেই প্রতিষ্ঠান ওই টাকা পাওয়ার কথা। এ ক্ষেত্রে কেন ব্যত্যয় হয়েছে তা আমি জানি না।’