প্রথা ভাঙার প্রতিশ্রুতি রক্ষা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারের সময় মেয়র আনিসুল হক একাধিকবার বলেছিলেন, নির্বাচিত হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একত্রে কাজ করবেন। আনিসুল হক গতকাল বুধবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। কিন্তু প্রথা ভেঙে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিয়ে কাজ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা দেখা গেল না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করেন। ডিএনসিসির বাজেট বিষয়ে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে মেয়রের কোনো কথা হয়নি, দেখাও হয়নি। বাজেট বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাও আমার সঙ্গে যোগাযোগ করেননি। এটা খুবই দুঃখজনক।’
আপনার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘আমার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তাৎক্ষণিক তিনি হয়তো ব্যস্ত ছিলেন। পরে আর যোগাযোগের চেষ্টা হয়নি।’
২০১৫-১৬ অর্থবছরের জন্য ডিএনসিসির মেয়র আনিসুল হক গতকাল ১ হাজার ৬০১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন। বাজেটে ডিএনসিরি নিজস্ব আয় দেখানো হয়েছে ৮৮২ কোটি ১৫ লাখ কোটি টাকা। এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনের আগে মেয়র বলেছিলেন, সরকারের সঙ্গে সুসম্পর্ক আছে, অনেক সুযোগ-সুবিধা এনে দেবেন। কিন্তু আয় দেখে তো তা মনে হচ্ছে না। দুটি বিষয় মনে হচ্ছে, হয় সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি আন্তরিক না, আর না হয় মেয়র মহোদয় পারলেন না।’
আরেক প্রতিদ্বন্দ্বী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ‘নির্বাচনের আগে বলেছিলাম, যে-ই নির্বাচিত হোন, ঢাকাবাসীর উন্নয়নে যেকোনো সহযোগিতা করব। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনই প্রশ্নবিদ্ধ। আর আমাদের সেই সংস্কৃতি গড়ে ওঠেনি যে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে নগর বিশেষজ্ঞ নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘শুধু কর্মকর্তাদের সঙ্গে আলোচনা না করে সুশীল সমাজ এবং যাঁরা ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁদের সঙ্গে আলোচনা করলে ভালো হতো।’
বাজেট প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম বলেন, ‘রাস্তাঘাট উন্নয়নে বরাদ্দের দরকার আছে। সিটি করপোরেশনে বস্তি উন্নয়ন বিভাগ আছে। বস্তির উন্নয়নে মেয়র কী করবেন, সেটা স্পষ্ট না বলাটা খুবই দুঃখজনক। বর্জ্য অপসারণে যে বরাদ্দ, তা মূলত পরিবহন গাড়ি ক্রয়, গাড়ির তেল খরচ ইত্যাদির জন্য।’