পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর প্রথাগত নীতি ও আইন মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, নারী, শিশু, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী—সবার কিছু আইনগত অধিকার আছে। এই অধিকারের প্রতি সবার সম্মান দেখানো প্রয়োজন। গতকাল রোববার রাঙামাটির কাউখালীতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দেবাশীষ রায়।
কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠে ‘অধিকার ও আইন সহায়তা মেলা’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
দেবাশীষ রায় বলেন, সরকার নারী, শিশু, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ জাতিসংঘের বিভিন্ন সনদে স্বাক্ষর করেছে। অথচ ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ মানছে না। এটা সরকারের দ্বৈত নীতি।
সভায় কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।
মানবাধিকার কর্মী টুকু তালুকদার বলেন, যারা নারী নির্যাতন করে এবং যারা নারী নির্যাতনের প্রতিবাদ করে না, ভবিষ্যতে কোনো নির্বাচনে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
রাঙামাটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল বলেন, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা রোধে সবাইকে সচেতন হতে হবে। আইনগত সহায়তা পাওয়ার অধিকার সবার সমান।
স্বাগত বক্তব্যে ব্লাস্টের রাঙামাটি জেলা ইউনিটের সমন্বয়কারী জুয়েল দেওয়ান বলেন, তৃণমূল পর্যায়ে মানুষকে আইন ও অধিকার সম্পর্কে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
ব্লাস্ট পরিচালনা কমিটির রাঙামাটি জেলা ইউনিটের সভাপতি পরিতোষ কুমার দত্তের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃপা চাকমা ও মংসুই উ চৌধুরী, ঘাগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, আইনজীবী কক্সি তালুকদার ও শ্রীজ্ঞানী চাকমা।