আদিবাসী নারীদের উত্তরাধিকার ও পারিবারিক আইন প্রণয়নে বিদ্যমান প্রথাগত আইন সংস্কারের জন্য প্রয়োজনে আলোচনা হতে পারে। চাকমা সার্কেলের প্রধান (রাজা) ও জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য দেবাশীষ রায় গতকাল বুধবার এ মন্তব্য করেন। রাঙামাটি সাংস্কৃ-তিক ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামভিত্তিক নারীদের সংগঠন উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে গতকাল সকালে অনুষ্ঠিত ষষ্ঠ পার্বত্য নারী সম্মেলনে দেবাশীষ রায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, নারী-অধিকার প্রতিষ্ঠায় পুরুষদের মানসিকতা পরিবর্তন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী রাজার প্রশাসনে তিন সার্কেলে নারীর শাসনের ইতিহাস রয়েছে। বর্তমানে মৌজাপ্রধান (হেডম্যান) হিসেবে যে নারীরা নিয়োজিত আছেন, তাঁরা পুরুষদের চেয়ে কম দক্ষ, এ প্রমাণ কোথাও নেই। সততার ক্ষেত্রে নারীরা বেশি স্বচ্ছ। তাই মৌজাপ্রধান (হেডম্যান) ও গ্রামপ্রধান (কার্বারি) পদে কাজ করতে আরও বেশিসংখ্যক নারীকে এগিয়ে আসতে হবে। উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালিকা ত্রিপুরা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলন উদ্বোধন করেন আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, নিজেদের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা পূরণে নারীদের সচেষ্ট হতে হবে। বাংলাদেশের জন্ম হয়েছে সবার স্বাধীনতা ও স্বপ্ন বাস্তবায়নের জন্য। নারীদের সম্মানজনক অধিকার অবশ্যই দিতে হবে।পুরুষকে বাদ দিয়ে নারীর অধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। সম্মেলনের প্রতিপাদ্য ‘পার্বত্য নারীর অধিকার আদায়ের আন্দোলন জোরদার করুন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙা-মাটি জেলা সমন্বয়কারী সুস্মিতা চাকমা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শামীম রশীদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, সিআইপিডির প্রধান নির্বাহী জনলাল চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি জে এফ আনোয়ার চিনু প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন উইমেন্স নেটওয়ার্কের সদস্যসচিব নাই উ প্রু। দিনব্যাপী ওই সম্মেলনে তিন পার্বত্য জেলার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।