রাঙামাটিতে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেছেন, প্রথাগত আইন আর আদিবাসীদের সামাজিক সুরক্ষা দিতে পারছে না। এ ক্ষেত্রে নারীরাই বেশি বৈষম্যের শিকার হয়। প্রথাগত আইনে আদিবাসী নারী-পুরুষের সমতা সৃষ্টিতে একযোগে কাজ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের প্রথাগত বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কৌশল নির্ধারণ করা প্রয়োজন।
গতকাল রোববার নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা প্রগ্রেসিভ রাঙামাটি জেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে। প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা ও বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কনিকা বড়ুয়া।
স্বাগত বক্তব্য দেন বিএনপিএসের উপপরিচালক শাহানাজ সুমী এবং কর্মশালার প্রেক্ষাপট তুলে ধরেন সমন্বয়কারী দিলারা রেখা। মূল আলোচক ছিলেন গবেষক তনয় দেওয়ান।
কর্মশালায় ‘পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইনে পার্বত্য আদিবাসী নারীর অবস্থান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী সুস্মিতা চাকমা। আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মৌজা প্রধান হেডম্যান, নারীনেত্রী ও বেসরাকরি সংস্থার কর্মকর্তারা।
আলোচকেরা বলেন, প্রথাগত আইনে লিখিত কোনো ধারা না থাকায় বিচারে আইনের অপব্যবহার ও রায় রাজনীতি দ্বারা প্রভাবিত হয়। এ অবস্থা থেকে মুক্তি পেতে মৌজা প্রধান হেডম্যান বা গ্রামপ্রধান কার্বারিরা এককভাবে বিচার না করে একটি প্যানেলের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করতে পারেন।
বক্তারা প্রথাগত আইনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইনসহ প্রচলিত আইনের সঙ্গে প্রথাগত আইনের সাংঘর্ষিক ধারা আদিবাসীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এর আগে একই সংগঠনের উদ্যোগে প্রথাগত আইনে আদিবাসী নারীদের বৈষম্য বিলোপ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নারীনেত্রী, জনপ্রতিনিধি, আদিবাসীদের ঐতিহ্যবাহী নেতা, বেসরকাির সংস্থার কর্মকর্তা কর্মচারী ও পেশাজীবীরা অংশ গ্রহণ করেন।