
নারী অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি প্রথাগত আইনেও সংস্কার করা প্রয়োজন। পুরুষদেরও নারী অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে নবম পার্বত্য নারী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উইমেন রিসোর্স নেটওয়ার্ক এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রথাগত শাসনব্যবস্থায় নারীর ন্যায়বিচার নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ চাই’।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির সাংসদ ঊষাতন তালুকদার বলেন, রাষ্ট্রের চরিত্র ও বৈশিষ্ট্যের ওপর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করে। নারী অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র তেমন সচেষ্ট নয়। তার পরও আদিবাসী নারীরা এগিয়ে যাচ্ছেন। তবে নারীদের আরও দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, নারীদের প্রথাগত সামাজিক বিচারে ন্যায়বিচার নিশ্চিত করতে চাকমা সার্কেলের প্রতিটি মৌজায় নারী গ্রামপ্রধান (কার্বারি) নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথাগত আইনে কিছু বৈষম্য থাকার কথা স্বীকার করে তিনি বলেন, নারী অধিকার, শিশু অধিকার, সর্বোপরি মৌলিক অধিকারের দিকে দৃষ্টি রেখে প্রথাগত আইন পরিবর্তন করা যেতে পারে।
মং সার্কেলের প্রধান রাজা সাচিং প্রু বলেন, সামাজিক বিচারব্যবস্থায় নারীদের অগ্রাধিকার দিতে হবে। কেননা নারীর অগ্রগতি ছাড়া সমাজ এগিয়ে যেতে পারে না।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা বলেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করায় আদিবাসীদের সামাজিক বিচার নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন ছাড়া আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
উইমেন রিসোর্স নেটওয়ার্কের প্রধান সমন্বয়কারী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রবন্ধ পাঠ করেন সংগঠনের রাঙামাটি জেলা সমন্বয়কারী সুস্মিতা চাকমা। প্রবন্ধে পার্বত্য চট্টগ্রামের তিনটি সার্কেলের প্রথাগত প্রতিষ্ঠানে আদিবাসী নারীদের অবস্থানের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, চাকমা, বোমাং ও মং সার্কেলের প্রধান তিনজনই পুরুষ। ৩৭৫ জন মৌজাপ্রধানের মধ্যে ৩৬৩ জন পুরুষ ও ১২ জন নারী। ২ হাজার ৮৭০টি গ্রামপ্রধানের মধ্যে ২ হাজার ৭৭৪ জন পুরুষ ও ৯৬ জন নারী। এর মধ্যে বোমাং সার্কেলে একজন এবং মং সার্কেলে মাত্র দুজন নারী গ্রামপ্রধানের দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সান্ত্বনা চাকমা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের বান্দরবান জেলা সমন্বয়কারী ডনাই প্রু নেলী, বোমাং সার্কেলের পেকুয়া মৌজার হেডম্যান ছানুচিং মারমা প্রমুখ।
সম্মেলনে তিন পার্বত্য জেলার তিন শতাধিক নারী অধিকার কর্মী, বেসরকারি সংস্থার কর্মী ও পেশাজীবী নারীরা অংশ নেন।