প্রথাগত আইনের সংস্কার পাহাড়ি নারীর অধিকার নিশ্চিত করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি নারীদের সম্পত্তিতে উত্তরাধিকার ও বিবাহনিবন্ধন নিশ্চিত করতে প্রথাগত আইন সংস্কার করা প্রয়োজন। একই সঙ্গে পাহাড়ি সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে সমাজপতিদের এগিয়ে আসতে হবে। প্রথাগত আইনের সংস্কার করে এর লিখিত রূপ সংরক্ষণেও উদ্যোগ দরকার। গতকাল রোববার বান্দরবানে ‘প্রথাগত আইনে আদিবাসী নারীদের অধিকার সংরক্ষণ’ শীর্ষক কর্মশালায় প্রায় সব বক্তাই এমন অভিমত দিয়েছেন।
জেলা শহরের একটি হোটেল মিলনায়তনে অন্যান্য কল্যাণ সংগঠন ও নারী প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর জনপ্রতিনিধি, কার্বারি (পাড়াপ্রধান), নারীনেত্রী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার সংগঠক ডনাইপ্রু নেলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাই শৈ প্রু সোনি।
কর্মশালায় উপস্থাপন করা প্রবন্ধে বলা হয়, পার্বত্য অঞ্চলের ১১টি জাতিগোষ্ঠীর মধ্যে শুধু বান্দরবান জেলার মারমা নারীরা সম্পত্তির উত্তরাধিকার পান। এ ছাড়া অন্য কোনো জনগোষ্ঠীর নারীরা মা-বাবার সম্পত্তির উত্তরাধিকার পান না। নারীরা অর্থনৈতিকভাবে অতিমাত্রায় পুরুষের ওপর নির্ভরশীল। বৈষম্য ও পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। আবার একই জনগোষ্ঠীর মধ্যেও অঞ্চলভেদে প্রথাগত আইন ভিন্ন ভিন্ন ধরনের হওয়ায় নারীদের বঞ্চনার মাত্রা বেড়েছে। বৈষম্য ও বঞ্চনা দূর করার জন্য প্রথাগত আইন সংস্কার করে তা লিপিবদ্ধ করতে হবে।
কর্মশালায় উন্নয়নকর্মী মেলকম ম্রো বলেন, ম্রো সমাজে বিয়ের সময় কনেপক্ষকে পণ দিতে হয়। এই পণপ্রথা নারীর জন্য অমর্যাদাকর। এ প্রথা বাতিল করতে তাঁরা দীর্ঘদিন ধরে ম্রো সমাজপতিদের কাছে দাবি জানিয়ে আসছেন।
কুহালং ইউনিয়নের সাবেক সদস্য সামাউ খিয়াং বলেন, বিবাহনিবন্ধন-পদ্ধতি না থাকায় পুরুষেরা একাধিক বিয়ে করলেও প্রমাণ করা যায় না। সমাজকর্মী নিলুকা তঞ্চঙ্গ্যা বলেন, তঞ্চঙ্গ্যা ও চাকমা প্রথাগত আইনে সম্পত্তির অধিকার নারীরা পান না। এ জন্য নারীর সম্পত্তির অধিকার ও উত্তরাধিকার সংযোজন করে প্রথাগত আইন সংস্কার করা দরকার।
বান্দরবান জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা বলেন, জেলা পরিষদ থেকে ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর প্রথাগত আইন লিপিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন জনগোষ্ঠীর সামাজিক নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা প্রথাগত আইন লিপিবদ্ধ করার সময় নারী-পুরুষের বৈষম্য থাকলে তা নিরসন করে নিতে পারেন।