প্রথাগত বিচারেও নারীরা বৈষম্যের শিকার হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা সার্কেলের রানি য়েন য়েন বলেছেন, সমাজে বিভিন্নভাবে নারীরা নির্যাতনের শিকার হন। পার্বত্য চট্টগ্রামের প্রথাগত বিচারব্যবস্থাতেও নারীরা অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। তাই মানবাধিকার ও সামাজিক চাহিদার ভিত্তিতে প্রথাগত নেতৃত্ব, প্রতিষ্ঠান ও আইন সংশোধন প্রয়োজন হয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাঙামাটির রাজবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় ‘নারী অধিকার বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও তা উত্তরণে করণীয়: পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। য়েন য়েন চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায়ের সহধর্মিণী। সভায় পার্বত্য জেলার নারী অধিকার ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

সাউথ এশিয়া উইমেনস ফান্ডের সহযোগিতায় ‘সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটি’ (স্পার্ক) এ আলোচনা সভার আয়োজন করে। স্পার্কের নির্বাহী পরিচালক মুক্তাশ্রী সাথী চাকমা সভা সঞ্চালনা করেন।

সভায় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান বলেন, প্রথাগত আইনে দেওয়া রায় অনেক সময় বাস্তবায়ন হয় না। সে কারণে প্রথাগত আইনের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। রায় বাস্তবায়নে প্রয়োজনে সরকার ও প্রশাসনের সহযোগিতা নেওয়া প্রয়োজন।

পার্বত্য চট্টগ্রাম উইমেনস রিসোর্স নেটওয়ার্কের সভাপতি শেফালিকা ত্রিপুরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় তাদের সহায়তা পাওয়া যায় না।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের জেন্ডার ও স্থানীয় দাতা উন্নয়ন বিভাগের দলনেতা ঝুমা দেওয়ান বলেন, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে ইউএনডিপি সহায়তা দিয়ে যাচ্ছে। প্রথাগত ও স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধিদের এ ব্যাপারে আরও সচেতন হতে হবে।

দক্ষিণ এশিয়াভিত্তিক অধিকারবিষয়ক সংগঠন হিমাওয়ান্তির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি টুকু তালুকদার বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নিতে হবে।

সভায় আরও অংশ নেন মানবাধিকারকর্মী ডনাই প্রু নেলী, পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা চাকমা, থানচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, কাবিদাং সংস্থার নির্বাহী পরিচালক লালসা চাকমা, আইনজীবী শ্রীজ্ঞানী চাকমা, মাধুরী মারমা প্রমুখ।