কাশীপুর ইউনিয়নের একাংশ চহঠা গ্রাম যখন বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়, মহিম তখন কোলের শিশু। উত্তর চহঠার সেই ছোট্ট শিশুটি এখন অষ্টম শ্রেণীর ছাত্র। কুপিবাতির নিচে হাতেখড়ি হয়েছিল ওর। এখনো সন্ধ্যা হলে কুপিবাতির আলোতেই পড়তে বসে সে।মহিমের সঙ্গে যখন কথা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রতিবেশী আলী হোসেন হাওলাদার। তিনি বলেন, ‘আবার নির্বাচন আয়ছে। আবারও সবাই কইবে বর্ধিত এলাকার উন্নয়নই হের পেরথম কাম। এ্যা হুনতে আছি ১০ বছর ধইরা। আসলে যে যাইব লঙ্কায় (ক্ষমতায় অর্থে ব্যবহূত), হে হইবে হনুমান।’‘সিটিতে আইয়া চিটিং-এ (প্রতারণায়) পড়ছি’ বললেন আলী হোসেন হাওলাদারের মেয়ে রেহানা বেগম। রেহানার শ্বশুরবাড়িও চহঠা দক্ষিণপাড়ায়। বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি একই গ্রামে হওয়ায় গ্রামের ওপর যেন রেহানার অধিকার অন্য নারীদের চেয়ে বেশি। তাই এবার আর কাউকেই ভোট না দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন। রেহানার হিসাব খুব সরল—ইউনিয়নই ভালো ছিল। সিটিতে আসায় কর দিতে হয় আগের চেয়ে বেশি। কিন্তু বাড়েনি সুযোগ-সুবিধা। রেহানা বললেন, ‘মোগো ভোট নিয়া টাউনে তিলোত্তমা নগরী বানাইবেন, তা অইতে দিমু না।’সরেজমিনে বরিশাল সিটি করপোরেশনের আরও এলাকা ঘুরে ভোটারদের মধ্যে এমন বঞ্চনা ও প্রতারণার বোধ দেখা গেছে। সিটি করপোরেশনের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডেও রয়েছে বর্ধিত বেশ কিছু এলাকা। বরিশাল পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার সময়ই চরবাড়িয়া ইউনিয়নের একাংশ ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। সরেজমিন বর্ধিত এলাকার অবস্থা দেখার জন্য দাশপাড়া ব্রিজের কাছে গেলে কথা হয় স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম আকন্দের সঙ্গে। রফিকুল নিয়ে যান ৩ নম্বর ওয়ার্ডের হোসনাবাদ এলাকায়। দাশপাড়া থেকে হোসনাবাদ ব্রিজ পর্যন্ত যেতে পথের যে অংশটুকু পড়ে, তা এখনো কাঁচা রয়ে গেছে। অথচ যেখান থেকে ইউনিয়ন পরিষদ শুরু, সেখানটা ইট বিছানো। রফিকুল বলেন, পেছনের ময়লাখোলা এলাকার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বর্জ্য ফেলে। রাস্তাটি চলাচলের উপযোগী করে দিলে সিটি করপোরেশনের বর্ধিত এলাকার পাশাপাশি সংলগ্ন গ্রামের মানুষও উপকৃত হতেন। ওই এলাকার বাসিন্দা আইউব আলী খান জানান, উলাল গণি রোডের এক কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থাও খুব খারাপ।বর্ধিত অঞ্চলের ভোটারদের এ বঞ্চনাবোধকে কাজে লাগানোর চেষ্টা করছেন সদ্য সাবেক মেয়র আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেনের প্রতিদ্বন্দ্বীরা। বিএনপি-সমর্থিত প্রার্থী বলে দাবিদার আহসান হাবিব বলেন, সিটি করপোরেশনের বর্ধিত এলাকার পলাশপুর, রসুলপুর, মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎসুবিধা একটুও পৌঁছায়নি। কাশীপুর, রূপাতলী, কড়াপুর, রায়পাশসহ বর্ধিত আটটি ওয়ার্ডের অধিকাংশ রাস্তাই এখনো কাঁচা।সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, বর্তমানে মহানগর বিএনপির সভাপতি ও সদরের সাংসদ মজিবর রহমান বলেন, মেয়র শওকত ব্যস্ত ছিলেন নগরের সাজসজ্জা নিয়ে। তিনি বলেন, রাস্তার পাশে ফুলগাছ লাগালেই উন্নয়ন হয় না। শওকত হোসেন অবশ্য দাবি করেন, ‘আহসান হাবিব ও মজিবর রহমান দুজনই আমার আগে মেয়র ছিলেন এবং তাঁদের আমলে বর্ধিত এলাকার কণামাত্র উন্নয়ন হয়নি।’ তবে তিনি আবার নির্বাচিত হলে বর্ধিত এলাকায় একটিও কাঁচা রাস্তা থাকবে না এবং সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল সিটি করপোরেশনের এক-চতুর্থাংশ ভোটার হলেন বর্ধিত এলাকার বাসিন্দা। ২০০২ সালের ২৫ জুলাই যখন সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়, তখন পৌরসভার ২৫ বর্গকিলোমিটার এলাকার সঙ্গে বর্ধিত ৩৫ কিলোমিটার এলাকা যুক্ত হয়। তবে আয়তনের তুলনায় ভোটার তেমন একটা বাড়েনি। সিটি করপোরেশনে উন্নীত হওয়ার অব্যবহিত আগের পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক লাখ ১৮ হাজার ৮৭০। পরে ২০০৩ সালের ১২ এপ্রিল সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের সময় মোট ভোটার হয় এক লাখ ৬৪ হাজার ৯৫০। ২০০৮ সালের ৮ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনের সময় ভোটার ছিল এক লাখ ৭৯ হাজার ৩৯৩ ভোট। বর্তমানে ভোটার সংখ্যা হলো দুই লাখ ১০ হাজার ৩৪৩।