প্রধান অতিথির নাম দেখে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী নন, এমন ব্যক্তিকে প্রধান অতিথি করায় পরিচিতি সভা বর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ। বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালকে প্রধান অতিথি করায় ক্ষুব্ধ সদস্যরা এ সভা বর্জন করেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মহানগর বিএনপির নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শহীদ হোসেন বলেন, আইনজীবী নন, এমন ব্যক্তিকে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি করার সিদ্ধান্ত কে নিয়েছেন, তা তিনি জানেন না। আইনজীবী নন, এমন ব্যক্তিকে অতিথি করার রীতি নেই আইনজীবী অঙ্গনে। তবে এটা লিখিত নয়। তারপরও বিষয়টি সাধারণ আইনজীবীরা ভালোভাবে নেননি। ব্যক্তিগত কারণে তিনি পরিচিতি সভায় যেতে পারেননি। তবে অনেক আইনজীবী এ কারণে পরিচিতি সভায় যোগ দেননি বলে তাঁকে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে জেলাআইনজীবী সমিতিরসদস্য ও বিএনপিপন্থী এক আইনজীবী প্রথম আলোকে বলেন, বরিশাল তথা সারা দেশের আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে আওয়ামী লীগ কিংবা বিএনপি-সমর্থিত প্যানেলের পরিচিতি সভায় আইনজীবী ছাড়া অন্য কাউকে অতিথি করার ঘটনা নজিরবিহীন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভায় গিয়ে ব্যানারে প্রধান অতিথি হিসেবে মেয়র আহসান হাবিব কামালের নাম দেখে তিনি সেখান থেকে চলে এসেছেন। তাঁর মতো আরও অনেকে প্যানেল পরিচিতি সভা বর্জন করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আনিছউদ্দিন আহম্মেদও বলেছেন, সারা দেশে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভায় সাধারণত আইনজীবীরাই থাকেন। আইনজীবীদের বাইরে আওয়ামী লীগ কিংবা বিএনপি অন্য কাউকে অতিথি করে না।