লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিনের ওপর জেলে ও দাদন ব্যবসায়ীদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত নূর নবী মাঝিকে শুক্রবার সন্ধ্যায় কমলনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা কমলনগর থানার উপপরিদর্শক মো. আবদুল খালেক জানান, রামগতি থানার পুলিশের সহযোগিতায় রামগতি উপজেলার জারিরদোনা মাছঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, নূর নবী মাঝি জাতীয় মৎস্যজীবী সমিতির রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন কমিটির সভাপতি।উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে জেলেদের মাছ ধরার সময় বাধা দেওয়ায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলে ও দাদন ব্যবসায়ীরা কমলনগরের চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিন ও তাঁর সঙ্গে থাকা নয় ব্যক্তির ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁদের (চেয়ারম্যানসহ) আটক করে রামগতি উপজেলার জারিরদোনা মাছঘাটে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ঘাটেই ফেলে রাখে।