প্রধান আসামি আ.লীগ নেতা আলতাফ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলায় ইটভাটার কর্মকর্তা আশরাফ আলী হত্যা মামলার প্রধান আসামি ও আওয়ামী লীগের নেতা আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দেন তিনি। গত রোববার সন্ধ্যায় আলতাফ হোসেনকে বগুড়া শহরের স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের উপজেলার সোনারায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
গাবতলী থানার এসআই আনোয়ার হোসেন জানান, আলতাফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ এ ব্যাপারে আদালতে শুনানি হবে।
গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, উপজেলার পাড়াবাইশা গ্রামের আশরাফ আলী (৪১) এমএআর ইটভাটার অংশীদার এবং ব্যবস্থাপক ছিলেন। ইটভাটার অপর অংশীদার ছিলেন আলতাফ হোসেন। ইটভাটার হিসাব-নিকাশ নিয়ে গত এপ্রিলে আশরাফ আলীকে মারধর করা হয়। গত ১৪ জুন তাঁকে বাড়ি থেকে ডেকে এনে চেতনানাশক খাইয়ে নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।