ময়মনসিংহের গৌরীপুরে চুরির অভিযোগে কিশোর সাগরকে (১৬) খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আক্কাস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব বলেছে, গ্রেপ্তারের পর ভৈরব ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস হত্যার কথা স্বীকার করেছেন।
এ নিয়ে আক্কাসসহ এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো। তবে এজাহারভুক্ত পাঁচ আসামি এখনো পলাতক। আক্কাস গ্রেপ্তার হওয়ায় নিহত সাগরের পরিবার ও চর শ্রীরামপুর গ্রামের মানুষ স্বস্তি প্রকাশ করেছে। তারা আক্কাসসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গৌরীপুরের চর শ্রীরামপুর গ্রামে আক্কাসের গাউছিয়া হ্যাচারিতে গত সোমবার ভোরে পানি তোলার মোটর চুরির অভিযোগে সাগরকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। সে পরিত্যক্ত জিনিস কুড়িয়ে বিক্রি করত। হত্যার ঘটনায় তার বাবা শিপন মিয়া আক্কাসসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন। নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন আক্কাসের ভাই জুয়েল, হাসু মিয়া, ছাত্তার, সোহেল ও হ্যাচারির কর্মচারী কাইয়ুম। এ মামলায় মঙ্গলবার রাতে রিয়াজ উদ্দিন ও বুধবার রাতে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
র্যাব বলেছে, গ্রেপ্তারের পর আক্কাসকে প্রথমে র্যাবের ভৈরব ক্যাম্পে নেওয়া হয়। সেখান থেকে গতকাল শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরে র্যাব-১৪ কার্যালয়ে পাঠানো হয়।

ময়মনসিংহে র্যাব-১৪-এর কার্যালয়ে গতকাল বেলা সোয়া তিনটায় সংবাদ সম্মেলন করে র্যাব আক্কাসকে গ্রেপ্তারের কথা জানায়। র্যাব-১৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল ইসলাম বলেন, আক্কাসের এক সহযোগীর মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান জানা যায়। তিনি সিলেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে র্যাব-১৪ আক্কাসকে গ্রেপ্তার করে। আক্কাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগরকে নির্যাতন করে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাঁকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।দুপুরে শম্ভুপুর রেলক্রসিং এলাকায় গেলে স্থানীয় লোকজন বলেন, ওই এলাকা রাত ১০টার পর নীরব হয়ে যায়। লোক চলাচল তেমন থাকে না।
দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের সময় আক্কাস শম্ভুপুর রেলক্রসিং এলাকায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন। ধরা পড়ার পর আক্কাস তাঁর পরিচয় নিশ্চিত করেন।
পরিবারে স্বস্তি
সাগর হত্যা মামলার প্রধান আসামি আক্কাস গ্রেপ্তার হওয়ায় সাগরের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। সাগরদের পরিবার থাকে ময়মনসিংহ শহরের নাটকঘর লেনের বস্তিতে। স্বস্তি প্রকাশ করে সাগরের মা হাসিনা খাতুন বলেন, ‘আমরা আক্কাসের ফাঁসি চাই। কোনোভাবেই যেন তিনি রক্ষা না পান।’
গ্রেপ্তার আক্কাসের বাড়ি চর শ্রীরামপুর গ্রামে। ওই গ্রামেরও বেশ কয়েকজন আক্কাসের গ্রেপ্তারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেন। দুপুরে শ্রীরামপুর গ্রামে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি বাজারে আলাপকালে কয়েকজন গ্রামবাসী বলেন, গ্রামের নিরীহ মানুষকে বিভিন্ন সময়ে নির্যাতন ও বাজে আচরণের অভিযোগ রয়েছে আক্কাসের বিরুদ্ধে। একজন বলেন, আক্কাসের গ্রেপ্তারের খবর গ্রামের সবার জন্য স্বস্তির।
ওই গ্রামের মোজাম্মেল হক বলেন, ‘আমরা আক্কাস ও তাঁর ভাইসহ ঘটনার সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার চাই।’