ঢাকার কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন আমির ওরফে ল্যাংড়া আমির গতকাল বৃহস্পতিবার আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছেন। তাঁকে ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে গতকাল আদালতে এনে হাজতখানায় রাখা হয়েছিল।
আদালত সূত্র বলেছে, ১৯৯৯ সালে কেরানীগঞ্জে সংঘটিত কামাল হত্যা মামলায় গতকাল ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য কাশিমপুর কারাগারে বন্দী থাকা এ মামলার আসামি আমিরকে সকালে পুরান ঢাকায় জেলা জজ আদালতের হাজতখানায় আনে পুলিশ। হাজতখানায় তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়। ওই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষী না আসায় তাঁকে আদালতে নেওয়া হয়নি। বিকেলে আসামিকে হাজতখানা থেকে কারাগারে পাঠানোর সময় ধরা পড়ে হাজতখানায় আমির নেই।
সূত্র বলেছে, আমিরের পালানোর বিষয়টি ধরা পড়ার পর পুলিশ প্রথমে তাঁকে আশপাশে খুঁজে বের করার চেষ্টা করে। না পেয়ে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্যদের অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালিয়ে যাওয়া আমিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন প্রথম আলোকে বলেন, পালানোর ঘটনায় আমিরের বিরুদ্ধে সদর আদালতের উপপরিদর্শক (এসআই) বাহাছ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।
২০১২ সালের ১১ নভেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যায় বাড়ির কাছে মা-বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তখন দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপহরণের ৬৪ ঘণ্টা পর কেরানীগঞ্জের আঁটিবাজারে অচেতন অবস্থায় পরাগকে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় করা মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৩১ মার্চ আমিরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি বিচারাধীন।