কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন ওরফে বাচ্চুকে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করে ইসমাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ২০১৬ সালের ৮ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া সড়কের মাথায় যুবলীগ সভাপতি জামাল উদ্দিনকে ওই ইউপির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি পক্ষ নৃশংসভাবে গুলি করে, কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে। এ ঘটনায় ইসমাইল হোসেনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করা হয়। ইসমাইল হোসেন ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন। পরবর্তী সময়ে তিনি নিম্ন আদালত থেকেও জামিন নেন। কিন্তু এরপর তিনি নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত সোমবার তিনি কুমিল্লা জেলা ও দায়রা জজ দেওয়ান সফিউল্লাহর আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, জামাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয় ইসমাইলের নেতৃত্বে। তাঁর বিরুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের আলাউদ্দিন হত্যাসহ চৌদ্দগ্রাম ও ফেনী থানায় কয়েকটি মামলা রয়েছে।
২০১৬ সালের ১০ জানুয়ারি প্রথম আলোর বিশাল বাংলার ৮ পৃষ্ঠায় ‘চৌদ্দগ্রামে যুবলীগ নেতাকে নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।