শিশু শেখ মো. সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি সদ্য সৌদি আরব থেকে ফেরত আনা কামরুল ইসলামকে আদালতের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিলেটের মহানগর হাকিম আদালত-২ এ হাজির করা হলে বিচারক মো. আনোয়ারুল হক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, এ হত্যা মামলায় কামরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ওই পরোয়ানা তামিল করে তাঁকে আদালতে পাঠানো হয়।
গত ৮ জুলাইয়ের ওই ঘটনার পর থেকেই প্রবাসী কামরুলসহ তিন আসামি পলাতক ছিলেন। কামরুল পালিয়ে সৌদি আরব ফিরে গেলে সেখানকার বাংলাদেশিরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ২৪ সেপ্টেম্বর কামরুলসহ পলাতক তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিলেটের আদালত। ইন্টারপোলের সহায়তায় গত বৃহস্পতিবার কামরুলকে দেশে ফিরিয়ে আনে পুলিশ।
গতকাল বেলা পৌনে ১১টার দিকে কামরুলকে আদালতে নিয়ে যায় পুলিশ। এ সময় আদালতে ছিল উৎসুক মানুষের ভিড়। আদালত থেকে বের হয়ে সামিউলের বাবা শেখ আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কামরুলকে ফিরিয়ে আনা ও কারাগারে পাঠানোয় আমি খুব খুশি। কামরুলকে যদি পালাতে সহযোগিতা করা না হতো, তবে তাকে সৌদি আরব থেকে ফেরাতে সরকারের এত টাকা খরচ ও কষ্ট করতে হতো না। তাকে পালানোর কাজে সহযোগিতাকারীদের শাস্তি হওয়া প্রয়োজন। কারা পালাতে দিল, তা আমি কামরুলের মুখে শুনতে চাই।’
সামিউল হত্যা মামলার বিচারে ৩৮ সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রোববারও সিলেট মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ হবে।
এর আগে বৃহস্পতিবার রাতেই কামরুলকে নিয়ে পুলিশ সিলেট পৌঁছায়। পরে সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান বলেন, দ্রুততম সময়ে অভিযুক্ত প্রায় সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়ার এ ঘটনা বাংলাদেশের জন্য একটি অনন্য নজির।
মামলার দুই আসামি কামরুলের ভাই শামীম আহমদ ও আইসক্রিম কারখানার কর্মচারী জাকির ওরফে পাভেল ওরফে রাজুর এখনো পলাতক থাকার দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ কমিশনার বলেন, এ দুজন দেশেই আত্মগোপন করে আছেন। তাঁদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।
৮ জুলাই চুরির অভিযোগ তুলে সিলেটের জালালাবাদ থানা এলাকায় খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করে সবজি বিক্রেতা শিশু সামিউলকে হত্যা করা হয়। সামিউলকে পেটানোর ভিডিও চিত্র অনলাইনে ছড়িয়ে পড়লে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনার তদন্ত করে ১৬ আগস্ট কামরুল, তাঁর তিন ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ ১০ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।